চাঁপাইনবাবগঞ্জের রোকনপুর সীমান্ত দিয়ে আবারও এক নারীকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) দ্রুত হস্তক্ষেপে সেই চেষ্টা ব্যর্থ হয়। একই ঘটনায় বিএসএফের পুশ-ইন কার্যক্রমে সহযোগিতার অভিযোগে সাত বাংলাদেশিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে বিজিবি।
মঙ্গলবার (১৬ জুন) সকালে বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার রাত প্রায় ১০টা ৪৫ মিনিটে নওগাঁ-১৬ বিজিবির রোকনপুর বিওপির দায়িত্বাধীন ২২৫/৩-আর সীমান্ত পিলার এলাকায় বিএসএফের ৮৮ ব্যাটালিয়নের আর কে ওয়াদা ক্যাম্পের সদস্যরা কয়েকজন স্থানীয় মাঝির সহযোগিতায় নৌকাযোগে এক নারীকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা চালায়। বিষয়টি টের পেয়ে বিজিবির টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুশ-ইনের সেই প্রচেষ্টা প্রতিহত করে।
এর আগেও গত ১৩ জুন একই সীমান্ত দিয়ে ১৫ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। সে সময়ও বিজিবির বাধার মুখে বিএসএফ তাদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিতে বাধ্য হয়।
অন্যদিকে, গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম জানিয়েছেন, বিএসএফের পুশ-ইন কার্যক্রমে সহযোগিতার অভিযোগে সাত বাংলাদেশিকে বিজিবি পুলিশের কাছে হস্তান্তর করেছে। সোমবার রাতেই তাদের থানায় নেওয়া হয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।
আটক ব্যক্তিরা হলেন গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের রোকনপুর গ্রামের বাবুল আক্তার, এমদাদুল হক, রয়েল, আজম, আলম, আসমাউল ও মেজবাউল।
আপনার মতামত লিখুন :