বিশ্বকাপে কোন দলকে সমর্থন করেন? প্রশ্নে রহস্যময় জবাব প্রধানমন্ত্রীর

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ১৬ জুন, ২০২৬, ০৩:৫৪ পিএম

বিশ্বকাপ ফুটবলের উত্তাপে এখন সরগরম গোটা দেশ। চায়ের আড্ডা থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম—সবখানেই আলোচনার কেন্দ্রবিন্দুতে ফুটবল। এমন আবহেই নিজের পছন্দের দলের বিষয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (১৬ জুন) রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন তিনি। সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা চলার একপর্যায়ে উঠে আসে বিশ্বকাপ ফুটবলের প্রসঙ্গও।

এ সময় জ্যেষ্ঠ সাংবাদিক সুমন মাহমুদ প্রধানমন্ত্রীর কাছে জানতে চান, ‘বিশ্বকাপ চলছে। আপনি কোন দলের সমর্থক?’

প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী সরাসরি কোনো দলের নাম উল্লেখ না করে হাসিমুখে বলেন, ‘আমি একটা দেশে দীর্ঘদিন ছিলাম। এবার বুঝে নেন কোন দলের সমর্থক।’

প্রধানমন্ত্রীর এই মন্তব্যের পর উপস্থিতদের মধ্যে কৌতূহল তৈরি হলেও ইঙ্গিতের অর্থ বুঝতে খুব বেশি সময় লাগেনি। ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর কারামুক্ত হওয়ার পর সপরিবারে যুক্তরাজ্যে পাড়ি জমান তারেক রহমান। সেখানে দীর্ঘ ১৭ বছর অবস্থান শেষে তিনি ২০২৫ সালের ২৫ ডিসেম্বর দেশে ফেরেন।

রাজনৈতিক জীবনের দীর্ঘ সময় যুক্তরাজ্যে কাটানোর প্রসঙ্গ টেনেই প্রধানমন্ত্রী যে নিজের পছন্দের দলের আভাস দিয়েছেন, তা অনেকের কাছেই স্পষ্ট হয়ে ওঠে। তার মন্তব্য থেকে ধারণা করা হচ্ছে, এবারের বিশ্বকাপে তার সমর্থন রয়েছে ১৯৬৬ সালের বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের প্রতি।

Link copied!