বেনজীরকে দেশে ফিরিয়ে আনতে প্রক্রিয়া চলমান: তথ্য উপদেষ্টা

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ১৬ জুন, ২০২৬, ০৩:০০ পিএম

দুর্নীতি, পাসপোর্ট জালিয়াতিসহ একাধিক মামলার আসামি পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার কার্যক্রম চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান। তিনি জানান, সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ইন্টারপোলের সহায়তায় গ্রেপ্তার হয়েছেন বেনজীর আহমেদ।

মঙ্গলবার (১৬ জুন) সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

জাহেদ উর রহমান বলেন, বিভিন্ন অপরাধের অভিযোগে অভিযুক্ত বেনজীর আহমেদকে বিচারের মুখোমুখি করতে বাংলাদেশে প্রত্যর্পণের প্রক্রিয়া শুরু হয়েছে। তিনি একে বাংলাদেশ পুলিশের সাম্প্রতিক ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে উল্লেখ করেন।

সংবাদ সম্মেলনে সীমান্ত পরিস্থিতি নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। তিনি জানান, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, সাতক্ষীরা, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, ঠাকুরগাঁও ও জামালপুর সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ১৩১ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কঠোর অবস্থান ও তৎপরতার কারণে সেই চেষ্টা ব্যর্থ হয়।

এদিকে, মিয়ানমার সীমান্তে ৮৯ জনের অনুপ্রবেশের প্রচেষ্টা প্রতিহত করা হয়েছে বলেও জানান তিনি। একই সময়ে ২১ জন বাংলাদেশি নাগরিককে সফলভাবে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

জাহেদ উর রহমান আরও জানান, গত ৮ থেকে ১১ জুন ভারতের নয়াদিল্লিতে ৫৭তম বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে বাংলাদেশ সীমান্ত হত্যা ও পুশইনের ঘটনায় জোরালো প্রতিবাদ জানায়। পাশাপাশি সীমান্তে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখা, চোরাচালান রোধ, যৌথ টহল জোরদার এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে গঠনমূলক আলোচনা হয়েছে।

Link copied!