পোরশায় পৃথক দুই অভিযানে ১ কেজি গাঁজা ও ৪টি গাঁজা গাছ উদ্ধার, গ্রেফতার ২

নাজমুল হক , নওগাঁ জেলা সংবাদদাতা

প্রকাশিত: ১৩ জুন, ২০২৬, ০২:০৫ পিএম

নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় পোরশা থানা পুলিশ মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১ কেজি শুকনো গাঁজা ও ৪টি পূর্ণাঙ্গ গাঁজা গাছ উদ্ধার করেছে। এ ঘটনায় দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার (১২ জুন) রাত ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত পোরশা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ উপজেলার ছাওড় ইউনিয়নের দক্ষিণ লক্ষীপুর এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করা হয়।

প্রথম অভিযানে দক্ষিণ লক্ষীপুর গ্রামের বাসিন্দা মোছা. পারুল বেগম (৪১), স্বামী- নজরুল ইসলামকে তার বসতবাড়ি থেকে ১ কেজি শুকনো গাঁজাসহ গ্রেফতার করা হয়। একই রাতে প্রায় দুই ঘণ্টাব্যাপী পরিচালিত দ্বিতীয় অভিযানে দক্ষিণ লক্ষীপুরের দীঘিপাড়া এলাকায় অনিল (৫০), পিতা- সমরা’র বসতবাড়ির সামনে থেকে ৪টি পূর্ণাঙ্গ গাঁজা গাছ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাছগুলোর মধ্যে একটি ৭ ফুট, একটি ৬ ফুট, অপর দুটি যথাক্রমে ৪ ফুট ৪ ইঞ্চি ও ২ ফুট ৮ ইঞ্চি উচ্চতার। গাছগুলোর মোট ওজন ৪ দশমিক ৫০ কেজি।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

জেলা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নওগাঁ জেলায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

 

Advertisement

Link copied!