প্রধানমন্ত্রীর শ্রীমঙ্গল সফর ঘিরে জোর প্রস্তুতি

তাপস দাশ , শ্রীমঙ্গল (মৌলভীবাজার) সংবাদদাতা

প্রকাশিত: ১৩ জুন, ২০২৬, ০৪:২৯ পিএম

আগামী ১৭ জুন তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধনকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য শ্রীমঙ্গল সফর ঘিরে পুরো এলাকায় প্রস্তুতির ব্যস্ততা তীব্র আকার ধারণ করেছে। এ উপলক্ষে শহরের ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠকে কেন্দ্র করে মূল অনুষ্ঠান আয়োজনের কাজ এগিয়ে চলছে।

শনিবার (১৩ জুন) সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রস্তুতিমূলক কার্যক্রমের সার্বিক অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় অনুষ্ঠানস্থলের অবকাঠামো উন্নয়ন, নিরাপত্তা ব্যবস্থার পরিকল্পনা, জনসমাগম ব্যবস্থাপনা এবং সামগ্রিক সমন্বয় নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা বিস্তারিতভাবে মতবিনিময় করেন। প্রস্তুতিমূলক কাজগুলো নির্ধারিত মানে সম্পন্ন হচ্ছে কিনা তা খতিয়ে দেখা হয় পরিদর্শনে।

পরিদর্শন কার্যক্রমে স্থানীয় সংসদ সদস্য, জেলা ও বিভাগীয় পর্যায়ের শীর্ষ প্রশাসনিক কর্মকর্তারা, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সরকারের বিভিন্ন দপ্তরের দায়িত্বশীল কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা অনুষ্ঠান সফলভাবে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনাও প্রদান করেন।

এছাড়া সফরসূচি সফল করতে আলাদা করে সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার ও পুলিশের ডিআইজি অনুষ্ঠানস্থল ঘুরে দেখেন। তারা প্রস্তুতির বিভিন্ন দিক পর্যবেক্ষণ করে নিরাপত্তা ও ব্যবস্থাপনার বিষয়ে অতিরিক্ত সতর্কতা অবলম্বনের পরামর্শ দেন।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন করা হবে এবং পুরো আয়োজনকে নির্বিঘ্ন ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সর্বোচ্চ প্রচেষ্টা নেওয়া হচ্ছে। ইতোমধ্যে শ্রীমঙ্গলে এ অনুষ্ঠান ঘিরে এক ধরনের উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে মৌলভীবাজার–৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী বলেন, "প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে প্রশাসন, জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থা এবং সংশ্লিষ্ট সকল পক্ষের সমন্বয়ে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে আয়োজনের বিভিন্ন দিক নিয়ে একাধিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে এবং সফল বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় কার্যক্রম এগিয়ে চলছে।"

তিনি আরও বলেন, "এই আয়োজনের সফলতা কেবল প্রশাসন বা আয়োজকদের নয়, বরং গণমাধ্যমকর্মীসহ সমাজের সকল স্তরের মানুষের সম্মিলিত অংশগ্রহণ ও সহযোগিতার ওপর নির্ভরশীল। অনুষ্ঠানটি সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন হলে এর কৃতিত্বের অংশীদার হবেন সংশ্লিষ্ট সকলেই।"

Link copied!