চাঁদপুরের শাহরাস্তি মডেল থানা পুলিশ পৃথক দুটি অভিযান চালিয়ে ধর্ষণ মামলার এক আসামি এবং ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। বুধবার (১৭ জুন) শাহরাস্তি থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান এর সার্বিক দিকনির্দেশনায় এসআই (নিঃ) মো. বেলায়েত উল্লাহ সঙ্গীয় ফোর্সসহ থানাধীন নাহারা এলাকায় অভিযান পরিচালনা করেন। এই অভিযানে শাহরাস্তি থানার এফআইআর নং-১৭, তারিখ ১৬ জুন ২০২৬, জিআর নং-১৬২, নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর ৯(১) ধারা এবং দণ্ডবিধি ১৮৬০ এর ৫০৬(২) ধারার মামলার এজাহারভুক্ত আসামি হুমায়ন কবির (৫৫)-কে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত হুমায়ন কবির নাহারা মোল্লা বাড়ি, রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের বাসিন্দা। তার বিরুদ্ধে এক নারীকে ধর্ষণ এবং ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ রয়েছে। অভিযান শেষে তাকে থানায় নিয়ে আসা হয় এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দের প্রক্রিয়া শুরু করা হয়।
অন্যদিকে, একই দিনে শাহরাস্তি মডেল থানার আরেকটি চৌকস দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। ওসি মীর মাহবুবুর রহমানের তত্ত্বাবধানে এসআই (নিঃ) মো. শরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে মেহের উত্তর ইউনিয়নের দেবীপুর এলাকায় অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে কালিয়াপাড়া-কচুয়া সড়কের আমিন সওদাগরের বাড়ির সামনে থেকে মো. দুলাল হোসেন (৪৬)-কে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ১৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত দুলাল হোসেনের স্থায়ী ঠিকানা শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলায় হলেও তিনি বর্তমানে শাহরাস্তি পৌরসভার ঘুঘুশাল এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় শাহরাস্তি মডেল থানায় মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে প্রেরণের প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে। শাহরাস্তি মডেল থানা পুলিশ জানিয়েছে, অপরাধ, মাদক ও নারী নির্যাতনের বিরুদ্ধে তাদের চলমান অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আইন-শৃঙ্খলা রক্ষা এবং অপরাধমুক্ত সমাজ গঠনে পুলিশ সর্বদা কঠোর অবস্থানে রয়েছে।
আপনার মতামত লিখুন :