ভৈরবে ভবঘুরে ও কিশোর গ্যাং সদস্যসহ ৪২ জন আটক, মুচলেকা নিয়ে সাধারণ ক্ষমা

নিজস্ব সংবাদদাতা , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ১৭ জুন, ২০২৬, ১১:১১ এএম

কিশোরগঞ্জের ভৈরবে সাঁড়াশি অভিযানে ভবঘুরে ও কিশোর গ্যাং সদস্যসহ ৪২ জনকে আটক করেছে থানা পুলিশ। ১৫ জুন সোমবার রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত সাঁড়াশি অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এদের মধ্যে যাচাই-বাছাই শেষে ৩৭ জনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। ভৈরব-কুলিয়ারচর সার্কেল সহকারী পুলিশ সুপার (এএসপি) আবু মুছা শেখ এ তথ্য নিশ্চিত করেছেন। থানা পুলিশ সূত্রে জানা যায়, ভৈরবে মাদক ও ছিনতাইয়ের পাশাপাশি ইদানীং কিশোর গ্যাংদের উৎপাত বেড়েছে। গত ২ সপ্তাহে রেলপথ ও সড়কপথ বন্ধ করে সংঘর্ষে লিপ্ত হয়েছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। এতে জনদুর্ভোগ তৈরি হয় এবং বিষয়টি নিয়ে দেশজুড়ে আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।

ভৈরবে কিশোর গ্যাংয়ের সদস্যদের ও রাতে কাজ ছাড়া বাড়ির বাইরে থাকা ভবঘুরেদের ধরতে শহরের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় সাঁড়াশি অভিযান চালানো হয়। অভিযানে শহরের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকা থেকে ৪২ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় সন্তানদের ছাড়িয়ে নিতে আসা অভিভাবকদের সচেতনতামূলক ও সতর্কতামূলক বক্তব্য দেন সহকারী পুলিশ সুপার (এএসপি) আবু মুছা শেখ।

এ বিষয়ে ভৈরব-কুলিয়ারচর সার্কেল সহকারী পুলিশ সুপার (এএসপি) আবু মুছা শেখ বলেন, ভৈরবে দিন দিন কিশোর গ্যাং ও ভবঘুরে কিশোরদের দৌরাত্ম্য বেড়েছে। তারা বিভিন্ন সময় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ছে। আমাদের পুলিশ সুপার স্যারের নির্দেশ, ভৈরব বাজারে ও অপরাধপ্রবণ এলাকায় সন্ধ্যার পর কোনো কিশোর গ্যাং সদস্য ও ভবঘুরে থাকতে পারবে না।

১৫ জুন রাত ৯টা থেকে রাত ১১টা পর্যন্ত ছিনতাই ও মাদক স্পট এলাকাসহ অপরাধপ্রবণ এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে ৪২ জন ভবঘুরে ও কিশোর গ্যাং সদস্যকে আটক করা হয়েছে। এদের মধ্যে যাচাই-বাছাই করে ৩৭ জনকে সাধারণ ক্ষমা করে তাদের পরিবারের কাছে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ৫ জনের মধ্যে তিনজনের কাছে সুইস গিয়ার (চাকু) ও এক পুরিয়া গাঁজা পাওয়া যায়। এছাড়াও দুইজনের নামে চুরি ও ছিনতাইয়ের মামলা রয়েছে। অপরাধীদের ১৬ জুন দুপুরে আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। ভৈরবের আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশি অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Link copied!