নওগাঁর আত্রাই উপজেলায় রেললাইনের পাশ থেকে নেয়ামুল বাশির (৪৮) নামে এক কলেজ শিক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৭ জুন) সকালে উপজেলার শাহাগোলা রেলস্টেশন এলাকার রেললাইনের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত নেয়ামুল বাশির নওগাঁ শহরের পার-নওগাঁ চকরামচন্দ্র মহল্লার বাসিন্দা। তিনি আত্রাই উপজেলার বড়শিমলা মহিলা কলেজের শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে তাকে হত্যা করেছে বলে স্বজনদের দাবি। ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তারা।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে সকালে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে নিহতের মাথায় গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হয়েছে।
তিনি আরও বলেন, “মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য পুলিশ কাজ করছে।”
ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। পুলিশ হত্যার রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে।
আপনার মতামত লিখুন :