নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে বুধবার (১৭ জুন) মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুমাইয়া ইয়াকুব। সভাটি এস এফ ওয়াশিং লিমিটেড কোম্পানির অভ্যন্তরে অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোস্তাফিজুর রহমান দিগন্ত, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোস্তফা জামান, স্বাস্থ্য পরিদর্শক নাজমা আক্তার, সহকারী স্বাস্থ্য পরিদর্শক মোক্তার হোসেন, সেকমো মোঃ হারুন এবং এস এফ ওয়াশিং লিমিটেডের এজিএম (সহকারী মহাব্যবস্থাপক) আবু সাঈদ।
সভায় স্বাস্থ্যসেবা কার্যক্রমের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে বর্তমান সময়ে ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোস্তাফিজুর রহমান দিগন্ত। তিনি বলেন, “ডেঙ্গু একটি প্রতিরোধযোগ্য রোগ। আমাদের প্রত্যেককে নিজ নিজ বাসাবাড়ি, কর্মস্থল ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। কোথাও যেন তিন দিনের বেশি পানি জমে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। সচেতনতা ও সম্মিলিত উদ্যোগই পারে ডেঙ্গুর বিস্তার রোধ করতে।”
তিনি আরও বলেন, জ্বর, মাথাব্যথা, শরীর ব্যথাসহ ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করে চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং কোনো ধরনের অবহেলা করা যাবে না।
সভায় মাতৃ ও শিশুস্বাস্থ্য সেবা, পরিবার পরিকল্পনা কার্যক্রমের অগ্রগতি, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং ডেঙ্গুসহ বিভিন্ন মৌসুমি রোগ প্রতিরোধে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। শেষে জনস্বাস্থ্য সুরক্ষায় সকলের সম্মিলিত অংশগ্রহণ ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
আপনার মতামত লিখুন :