টাঙ্গাইলের কালিহাতী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দুর্গাপুর পশ্চিমপাড়া গ্রামে জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় শাহআলম (৪৫) নামে এক যুবদল নেতার মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় ঢাকায় চিকিৎসাধীন থাকাকালে বুধবার (১৭ জুন) রাত ২টার দিকে তিনি মারা যান। এর আগে, সোমবার (১৬ জুন) সন্ধ্যায় দুর্গাপুর ঈদগাহ মাঠের পশ্চিম পাশে ব্রিজসংলগ্ন এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
নিহত শাহআলম দুর্গাপুর গ্রামের মরহুম আলী আজগরের ছেলে। তিনি স্থানীয় দুর্গাপুর দাখিল মাদরাসার দপ্তরী হিসেবে কর্মরত ছিলেন। পাশাপাশি তিনি দুর্গাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি ছিলেন। নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দুর্গাপুর পশ্চিমপাড়ার নবাব আলী ও রামদেবপুর গ্রামের শুক্কুর আলীর মধ্যে বাড়ির পাশের জমির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
সোমবার সন্ধ্যায় ওই বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে শাহআলম পরিস্থিতি শান্ত করার উদ্দেশ্যে ঘটনাস্থলে যান। অভিযোগ রয়েছে ওই সময় শুক্কুর আলী ও তার ছেলে বাদশাকে সঙ্গে নিয়ে ১০ থেকে ১২ জনের একটি দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে শাহআলমের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বুধবার গভীর রাতে তিনি মারা যান।
এ ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে বিরাজ করছে চরম উত্তেজনা। স্থানীয় বাসিন্দারা হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। কালিহাতী থানার ওসি (তদন্ত) আব্দুস ছালাম বলেন, পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
আপনার মতামত লিখুন :