রংপুরের পীরগঞ্জ উপজেলায় নিম্ন আয়ের ও সুবিধাবঞ্চিত পরিবারের জন্য সরকারের সামাজিক নিরাপত্তা ও খাদ্য সহায়তা কর্মসূচির আওতায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ জুন) পীরগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা প্রশাসনের আয়োজনে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরগঞ্জ-৬ আসনের মাননীয় সংসদ সদস্য মাওলানা নুরুল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিঠাপুকুর পীরগঞ্জ এলাকার মাননীয় সংরক্ষিত মহিলা সংসদ সদস্য জেবা আমিন খান, রংপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ রুহুল আমিন, রংপুর জেলা পরিষদের প্রশাসক ও রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান।
অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি তাঁর বক্তব্যে বলেন, সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও খাদ্য সহায়তা কার্যক্রমের সুবিধা যাতে প্রকৃত উপকারভোগীদের কাছে সঠিকভাবে পৌঁছে যায়, সে লক্ষ্যেই ফ্যামিলি কার্ড চালু করা হয়েছে। এই কার্ডের মাধ্যমে নিম্ন আয়ের পরিবারগুলো স্বল্পমূল্যে খাদ্যসামগ্রীসহ বিভিন্ন সরকারি সুবিধা গ্রহণের সুযোগ পাবে। এ সময় উপস্থিত ছিলেন পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি), পীরগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং উপকারভোগী পরিবারের সদস্যরা। উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ উপকারভোগীদের হাতে প্রতীকীভাবে ফ্যামিলি কার্ড তুলে দেন। এ সময় উপকারভোগীরা সরকারের এই জনকল্যাণমূলক উদ্যোগকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার নির্বাচিত উপকারভোগীদের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচিকে আরও কার্যকর ও স্বচ্ছ করার লক্ষ্যে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সরকারের জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়নে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়।
আপনার মতামত লিখুন :