নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসল করতে নেমে দুই স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার ১৭ জুন দুপুরে উপজেলার মেঘনা নদীর সোনারগাঁ অংশে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কদমতলীর শনিরআখড়া এলাকার ফারুক ভূঞার ছেলে মো. কায়েস ভূঞা (১৩) এবং পুরাতন দনিয়া এলাকার রাজু মিয়ার ছেলে মেরাজ (১৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত দুজনসহ সাতজন স্কুলশিক্ষার্থী বন্ধু বুধবার দুপুর আড়াইটার পর মেঘনা নদীতে গোসল করতে নামে। নদীতে নামার কিছুক্ষণের মধ্যেই কায়েস ও মেরাজ পানিতে তলিয়ে যায়। তাদের সঙ্গে থাকা বন্ধুরা দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পেয়ে স্থানীয়দের সহায়তা নেয়।
পরে সহপাঠীরা স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসে খবর দিলে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় আড়াই ঘণ্টার চেষ্টার পর ডুবুরিরা নদী থেকে দুই কিশোরের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আপনার মতামত লিখুন :