পরিত্যক্ত বাড়ি থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের ধোপাকান্দি পশ্চিমপাড়া এলাকায় ঢাকা-পাবনা মহাসড়কের প্রথম সেতুর নিচে একটি পরিত্যক্ত বাড়ি থেকে আব্দুস সালাম (৪০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সকালে স্থানীয় লোকজন পরিত্যক্ত বাড়ির ভেতরে একটি মরদেহ পড়ে থাকতে দেখে সলঙ্গা থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে এবং পরিচয় শনাক্তের উদ্যোগ নেয়। পরে জানা যায়, নিহত আব্দুস সালাম বগুড়া সদর উপজেলার ঝোপগাড়ী ঠিকাদারপাড়া এলাকার আবুল হোসেনের ছেলে।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন সলঙ্গা ও রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম খান। তিনি বলেন, মরদেহের পরিচয় নিশ্চিত করা হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং ঘটনাস্থল থেকে সংগ্রহ করা বিভিন্ন আলামত বিশ্লেষণের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের চেষ্টা চলছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনাটি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

Link copied!