হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় মাদকবিরোধী এক সফল অভিযানে ৫৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)। এ সময় মাদক পাচারে ব্যবহৃত একটি নীল রঙের কাভার্ডভ্যানও জব্দ করা হয়। গত মঙ্গলবার (১৬ জুন) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের রুস্তমপুর টোল প্লাজা এলাকায় এই অভিযান চালায় র্যাব-৯-এর শায়েস্তাগঞ্জ ক্যাম্প (সিপিসি-৩)।
র্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কের রুস্তমপুর টোল প্লাজার উত্তর পাশে বিশেষ চেকপোস্ট বসানো হয়। তল্লাশিকালে একটি সন্দেহভাজন কাভার্ডভ্যানকে থামার সংকেত দিলে এর ভেতর থাকা দুই ব্যক্তি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে র্যাব সদস্যরা ধাওয়া করে তাদের আটক করে। পরবর্তীতে গাড়িটি তল্লাশি করে ৫টি বস্তায় অভিনব কায়দায় স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ৫৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন— বরগুনা সদর উপজেলার আঙ্গারপাড়া গ্রামের মো. জালাল খলিফার ছেলে মো. রুহুল আমিন (৩৪) এবং গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার মো. মাজেদুর রহমান (৪১)।
র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে জব্দকৃত আলামত ও আসামিদের নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে র্যাবের এই বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ।
আপনার মতামত লিখুন :