বৃষ্টিভেজা শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী 

তাপস দাশ , শ্রীমঙ্গল (মৌলভীবাজার) সংবাদদাতা

প্রকাশিত: ১৭ জুন, ২০২৬, ০৪:৫৬ পিএম

টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ার মধ্যেও মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড কর্মসূচির তৃতীয় ধাপের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী মঞ্চে পৌঁছানোর পর জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। বুধবার (১৭ জুন) দুপুরে শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কার্যক্রমের উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজকল্যাণ মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন। বৃষ্টিকে উপেক্ষা করে মাঠে বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনের আগে চা শ্রমিকদের জন্য ফ্যামিলি কার্ড চালুর যে অঙ্গীকার করা হয়েছিল, তার বাস্তবায়ন শুরু হয়েছে। তিনি জানান, এ কর্মসূচির মাধ্যমে ধাপে ধাপে চা শ্রমিক পরিবারের সদস্যদের সামাজিক সুরক্ষা ও সহায়তার আওতায় আনা হবে। বর্তমানে সবার হাতে কার্ড পৌঁছে দেওয়া সম্ভব না হলেও পর্যায়ক্রমে আগামী এক বছরের মধ্যে চা বাগানের সকল নারী শ্রমিককে এই সুবিধার আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

তিনি আরও বলেন, নির্বাচনের পর অল্প সময়ের মধ্যেই ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে। সরকারের লক্ষ্য শুধু সহায়তা প্রদান নয়, বরং সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা। এ ধরনের কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন। কর্মসূচির আওতায় শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ১৫৫টি পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। অনুষ্ঠানে ৫০ জন নারী চা শ্রমিককে গৃহনির্মাণের জন্য দুই লাখ টাকা করে অনুদানের চেক, চা শ্রমিক পরিবারের ১৫০ জন শিক্ষার্থীকে বৃত্তি এবং প্রতিবন্ধী ব্যক্তিদের চিকিৎসা সহায়তা দেওয়া হয়।

এর আগে সকালে ঢাকা থেকে সিলেটে পৌঁছে সড়কপথে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী। পথে বিভিন্ন স্থানে দলীয় নেতাকর্মী, সাধারণ মানুষ এবং চা শ্রমিকরা তাকে স্বাগত জানান। বিশেষ করে চা বাগান অধ্যুষিত এলাকায় শ্রমিকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়। শ্রীমঙ্গলের অনুষ্ঠান শেষে মৌলভীবাজারে আরেকটি ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তার। সেখানে রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ১৫২টি পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। পরে তিনি জেলার আরও কয়েকটি নির্ধারিত কর্মসূচিতে অংশ নেবেন।

এ সময় উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. জি কে গউছ,  সিলেট জেলা প্রশাসক ও বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী। এছাড়া বিভিন্ন আসনের সংসদ সদস্যসহ প্রশাসনের কর্মকর্তা ও দলীয় নেতারা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রী একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। পরে স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মকর্তাদের সঙ্গে সংক্ষিপ্ত শুভেচ্ছা বিনিময় করে তিনি শ্রীমঙ্গল ত্যাগ করেন। এরপর তিনি দিনের পরবর্তী কর্মসূচিতে অংশ নিতে মৌলভীবাজারের উদ্দেশ্যে রওনা হন।

 

Link copied!