কেশবপুরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন: সবুজ ভবিষ্যতের অঙ্গীকার ইউএনও রেকসোনার

হারুনার রশীদ বুলবুল , কেশবপুর (যশোর) সংবাদদাতা

প্রকাশিত: ১৩ জুন, ২০২৬, ০২:১১ পিএম

পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকার ঘোষিত ৫ বছরে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে যশোরের কেশবপুরে এক বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

শনিবার (১৩ জুন) তারিখে কেশবপুর উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কেশবপুর, যশোর।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন। তিনি তাঁর বক্তব্যে বলেন, বৃক্ষ শুধু পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি করে না, বরং মানুষের জীবন ও জীবিকার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। বর্তমান প্রজন্মের পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য ও সবুজ পৃথিবী রেখে যেতে হলে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে।

বিশেষ অতিথি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেশকাতুল ইসলাম বলেন, একটি গাছ একটি জীবনের সমান। পরিবেশ রক্ষার এই জাতীয় উদ্যোগকে সফল করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষার্থী ও সাধারণ জনগণকে সমন্বিতভাবে কাজ করতে হবে। শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোর পরিচর্যাও নিশ্চিত করতে হবে।

বিশেষ অতিথি, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, বৃক্ষরোপণ কর্মসূচি দেশের কৃষি ও পরিবেশ উভয় ক্ষেত্রেই ইতিবাচক প্রভাব ফেলবে। ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের পাশাপাশি অর্থনৈতিকভাবেও জনগণ উপকৃত হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ আব্দুর রাজ্জাক, উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির মোঃ সাইদুর রহমান সাইদ, আবু জাফর, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ উপজেলা পরিষদ চত্বরে প্রতীকী বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয় এবং পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়।

বক্তারা আশা প্রকাশ করেন, সরকারের এই মহতী উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে দেশের পরিবেশগত ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কেশবপুরেও এ কর্মসূচির মাধ্যমে সবুজায়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

 

Advertisement

Link copied!