দিল্লি বিমানবন্দর থেকে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ১৫ জুন, ২০২৬, ১০:৪৯ এএম

ভারতের রাজধানী নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখে পড়ে দেশে ফিরে আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। দিল্লিতে অনুষ্ঠিতব্য একটি আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে গেলেও বিমানবন্দরে ইমিগ্রেশন জটিলতার কারণে তিনি ভারত সফর বাতিল করেন।

রোববার (১৪ জুন) সন্ধ্যায় দিল্লি পৌঁছান ডা. জাহেদ উর রহমান। সোমবার (১৫ জুন) থেকে শুরু হওয়া ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ) সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়ার কথা ছিল তার।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সম্মেলনে তার অংশগ্রহণের বিষয়টি গত শুক্রবারই দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছিল। তা সত্ত্বেও দিল্লি বিমানবন্দরে অবতরণের পর ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে প্রায় আড়াই ঘণ্টা অপেক্ষায় রাখে।

এ সময় তাকে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হবে কি না, সে বিষয়ে কোনো স্পষ্ট ব্যাখ্যাও দেওয়া হয়নি। দীর্ঘ সময় অনিশ্চয়তার মধ্যে রাখাকে আত্মমর্যাদার পরিপন্থী মনে করে তিনি নিজের পাসপোর্ট ফেরত চান এবং দেশে ফেরার সিদ্ধান্ত নেন।

পরে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা হিসেবে ইমিগ্রেশন কর্মকর্তারা তাকে ভারতে প্রবেশের অনুরোধ জানালেও তিনি সিদ্ধান্ত পরিবর্তন করেননি। রাতেই তৃতীয় একটি দেশের মাধ্যমে বাংলাদেশে ফেরার ফ্লাইটে যাত্রা করেন তিনি।

সবকিছু ঠিক থাকলে সোমবার দুপুরের আগেই তার দেশে পৌঁছানোর কথা রয়েছে।

Link copied!