নালিতাবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগে সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় ২০২৫-২০২৬ অর্থবছরের শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এক আলোচনা সভা শেষে উপকারভোগীদের মাঝে এসব সহায়তা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল মালেকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী।

সাংবাদিক ক্লোডিয়া নকরেক–এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নালিতাবাড়ী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান লিটন, নয়াবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান, নালিতাবাড়ী ট্রাইব্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি কোপেন নকরেক, উপজেলা শ্রমিকদলের সভাপতি হুমায়ুন কবির, শহর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মানিক মিয়া এবং যুবদলের যুগ্ম আহ্বায়ক ওজায়েজ মোহাম্মদ কালিমুল্ল্যাহ টুকনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলার ১৩ জন গৃহিণীর মাঝে সেলাই মেশিন, ২০ জন শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল এবং ১৩৪ জন শিক্ষার্থীর মাঝে মোট ৫ লাখ ৯০ হাজার টাকার শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়।

বক্তারা বলেন, শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির মাধ্যমে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত করতে সরকার বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে। এ ধরনের সহায়তা শিক্ষার্থীদের লেখাপড়ায় উৎসাহিত করার পাশাপাশি পরিবারের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

Link copied!