চান্দিনায় পুলিশের বিশেষ অভিযান: ৪ জন গ্রেফতার, ২ কেজি গাঁজা উদ্ধার

আলম চৌধুরী , সিনিয়র রিপোর্টার

প্রকাশিত: ১৮ জুন, ২০২৬, ১২:০৭ পিএম

কুমিল্লার চান্দিনা থানা পুলিশের বিশেষ অভিযানে  ২৪ ঘণ্টায় ২ কেজি গাঁজা উদ্ধারসহ মাদক ব্যবসায়ী, মাদকসেবী এবং ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান মজুমদার-এর সার্বিক দিকনির্দেশনায় পৃথক পৃথক টিম উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এ সাফল্য অর্জন করে।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযানের সময় মাদক ব্যবসার সঙ্গে জড়িত হাবিবুর রহমান হৃদয় (২৮) নামে এক ব্যক্তিকে ২ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়। তিনি উপজেলার মাধাইয়া ইউনিয়নের নাওতলা পূর্বপাড়া এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এছাড়া মাদকবিরোধী অভিযানে বোল্লারচর এলাকার দুই যুবক মোঃ সাকিব (২০) ও শাহজালাল (২৪)-কে মাদক সেবনের অপরাধে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাকিবকে ১৫ দিনের কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড এবং শাহজালালকে ১০ দিনের কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। সাজা কার্যকরের জন্য তাদের কুমিল্লা কেন্দ্রীয় কারাগার-এ পাঠানো হয়েছে। অভিযানের আরেক পর্যায়ে সিআর ওয়ারেন্টভুক্ত আসামি আক্তার হোসেন (৩০)-কে গ্রেফতার করা হয়। তিনি ভেরুনিয়া এলাকার বাসিন্দা। গ্রেফতারের পর তাকে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

চান্দিনা থানা পুলিশ জানিয়েছে, মাদক, সন্ত্রাস ও অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধমুক্ত সমাজ গঠনে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

 

Link copied!