ফুলগাজীতে ফ্রি মেডিকেল ক্যাম্পে ৫০০ রোগীর চিকিৎসা

জসিম উদ্দিন , ফুলগাজী উপজেলা প্রতিনিধি

প্রকাশিত: ১৭ জুন, ২০২৬, ০৮:১৫ পিএম

ফেনী জেলার ফুলগাজী উপজেলায় সামাজিক উন্নয়নমূলক প্রতিষ্ঠান পল্লী মঙ্গল কর্মসূচি (পিএমকে) ফুলগাজী শাখার উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ জুন) ফুলগাজী উপজেলার ওবায়দুল হক ম্যানশনের দ্বিতীয় তলায় আয়োজিত এ ক্যাম্পে প্রায় ৫০০ রোগী স্বাস্থ্যসেবা গ্রহণ করেন।আয়োজক সূত্রে জানা যায়, ক্যাম্পে সাধারণ রোগীদের জন্য প্রাথমিক স্বাস্থ্যসেবা, মেডিসিন ও চক্ষু চিকিৎসার ব্যবস্থা করা হয়। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে চশমা বিতরণ করা হয়। অভিজ্ঞ চিকিৎসকরা রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করে পরামর্শ দেন এবং চিকিৎসা শেষে প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়।

পল্লী মঙ্গল কর্মসূচির সহকারী প্রোগ্রাম ম্যানেজার মোহাম্মদ মোজাহারুল ইসলাম জানান, দেশের প্রায় ৪০টি জেলায় ৪০০টিরও বেশি শাখার মাধ্যমে প্রতিষ্ঠানটি ক্ষুদ্রঋণের পাশাপাশি বিভিন্ন মানবিক ও সামাজিক সেবামূলক কার্যক্রম পরিচালনা করছে। এর অংশ হিসেবে দেশের বিভিন্ন শাখায় নিয়মিত বিনামূল্যে স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালিত হচ্ছে।

তিনি বলেন, আজকের ক্যাম্পে প্রায় ৫০০ রোগীকে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করা হয়েছে। দুর্যোগ, মহামারি ও বিভিন্ন সংকটকালীন সময়ে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে আমরা কাজ করে যাচ্ছি। ফেনীর ফুলগাজী শাখার ব্যবস্থাপক মাসুদ রানা জানান, শাখাটির প্রায় সাড়ে ৭০০ গ্রাহকের পাশাপাশি স্থানীয় সাধারণ মানুষও এ স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ পেয়েছেন। সংশ্লিষ্টরা জানান, চক্ষু রোগীদের জন্য যাতায়াত ভাতা প্রদান, ছানি অপারেশন, নেত্রনালী চিকিৎসা এবং লেন্স স্থাপনসহ বিভিন্ন সেবা সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হচ্ছে।

সেবা নিতে আসা মোছাম্মৎ নাছিমা বেগম বলেন, এখানে চিকিৎসকের পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে পেয়েছি। সাধারণ মানুষের জন্য এমন উদ্যোগ খুবই উপকারী। ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন ডাক্তার তানভীর আহমেদ, ডাক্তার মোহাম্মদ জাফর আলী, ডাক্তার সানোয়ার হোসেন এবং ডাক্তার মোহাম্মদ ইলিয়াস হোসেন। এ সময় পল্লী মঙ্গল কর্মসূচির বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

 

Link copied!