ফেনী জেলাকে কিশোর গ্যাং, সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের প্রভাব থেকে মুক্ত রাখতে সাংবাদিকসহ সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেছেন জেলার নবাগত পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার।
মঙ্গলবার (১৬ জুন) সকালে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় কোনো ধরনের আপস করা হবে না। পুলিশি সেবার নামে ঘুষ বা অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, পুলিশ ক্লিয়ারেন্স বা অন্য কোনো সেবার জন্য ঘুষ গ্রহণ করলে সংশ্লিষ্ট সদস্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং তাকে এ জেলায় দায়িত্ব পালন করতে দেওয়া হবে না।
পুলিশ সুপার বলেন, “আমার দায়িত্বকালে কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন এবং কোনো প্রকৃত অপরাধী যেন আইনের ফাঁক গলে বেরিয়ে যেতে না পারে, সে বিষয়ে আমি সর্বোচ্চ গুরুত্ব দেব। মামলার তদন্ত ও বিচারিক প্রক্রিয়ায় ন্যায়বিচার নিশ্চিত করতে পুলিশ আন্তরিকভাবে কাজ করবে।
মাদক নিয়ন্ত্রণ প্রসঙ্গে তিনি বলেন, মাদক পুরোপুরি নির্মূল করা সম্ভব না হলেও এর বিস্তার রোধ এবং ভয়াবহতা কমাতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। একই সঙ্গে কিশোর গ্যাং দমন, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
নবাগত পুলিশ সুপার জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক নিয়ন্ত্রণ এবং কিশোর গ্যাং দমনে গণমাধ্যমকর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে তাদের সার্বিক সহযোগিতা কামনা করেন। জবাবে সাংবাদিকরাও পুলিশ প্রশাসনকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সাইদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মুহাম্মদ সাইফুল ইসলামসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১৫ জুন বিদায়ী পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম-এর কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন প্রত্যুষ কুমার মজুমদার। এর আগে তিনি অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এ বিশেষ পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। বিসিএস ২৫তম ব্যাচের এই কর্মকর্তা সাতক্ষীরা জেলার বাসিন্দা।
আপনার মতামত লিখুন :