চান্দিনার কালিয়ারচর-হোটকাতলি সড়ক এখন মরণফাঁদ, চরম দুর্ভোগে হাজারো মানুষ

ফখরুল ইসলাম , চান্দিনা (কুমিল্লা) সংবাদদাতা

প্রকাশিত: ১৬ জুন, ২০২৬, ০২:৩৪ পিএম

কুমিল্লার চান্দিনা উপজেলার কালিয়ারচর-কুটুম্বপুর সড়কের কালিয়ারচর থেকে হোটকাতলি বাজার পর্যন্ত অংশ বর্তমানে মরণফাঁদে পরিণত হয়েছে। সাম্প্রতিক টানা ভারী বৃষ্টিপাতের কারণে সড়কের অন্তত পাঁচটি স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।

ফলে প্রতিদিনই বিভিন্ন ধরনের যানবাহন দুর্ঘটনার শিকার হচ্ছে এবং আহত হচ্ছেন সাধারণ যাত্রী ও পথচারীরা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়কের বিভিন্ন অংশ ভেঙে বড় গর্ত তৈরি হয়েছে। এসব গর্তে বৃষ্টির পানি জমে থাকায় চালকরা গর্তের গভীরতা বুঝতে না পেরে দুর্ঘটনায় পড়ছেন। বিশেষ করে মোটরসাইকেল, অটোরিকশা, সিএনজি ও ভ্যানচালকদের জন্য সড়কটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, প্রতিদিন হাজার হাজার মানুষ এই সড়ক ব্যবহার করে যাতায়াত করেন। কিন্তু দীর্ঘদিন ধরে সড়কটির সংস্কার না হওয়ায় দুর্ভোগ দিন দিন বাড়ছে। অল্প বৃষ্টিতেই সড়কের বেহাল অবস্থা আরও প্রকট হয়ে ওঠে।

আবেদানূর বালিকা উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষক জানান, “এই সড়ক দিয়ে প্রতিদিন হাজারো মানুষ চলাচল করে। এছাড়া আবেদানূর শিক্ষা কমপ্লেক্স, দোল্লাই নোয়াবপুর সরকারি কলেজ, কংগাই উচ্চ বিদ্যালয়সহ আশপাশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিয়মিত এই সড়ক ব্যবহার করে। সড়কের বর্তমান অবস্থা শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য চরম উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।”

স্থানীয়দের অভিযোগ, সড়কটির বিভিন্ন অংশ দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে ক্ষতিগ্রস্ত হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর কোনো উদ্যোগ গ্রহণ করেনি। ফলেপ্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে এলাকাবাসীকে।

এ বিষয়ে স্থানীয় সচেতন মহল ও জনপ্রতিনিধিরা দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানিয়েছেন। তারা বলেন, শিক্ষা প্রতিষ্ঠান, বাজার ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় যাতায়াতের অন্যতম প্রধান সড়ক হওয়ায় জনগণের স্বার্থে জরুরি ভিত্তিতে রাস্তার ক্ষতিগ্রস্ত অংশ মেরামত করা প্রয়োজন।

এলাকাবাসী স্থানীয় সংসদ সদস্য, সড়ক ও জনপথ বিভাগ এবং উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত সড়কটি সংস্কার করে নিরাপদ ও চলাচল উপযোগী করার জোর দাবি জানিয়েছেন।

 

Advertisement

Link copied!