রামগঞ্জ উপজেলা যুবদলের সদস্য বিল্লাল হোসেন বাবুকে সাময়িক বহিষ্কার

মোহাম্মদ তারেক , রামগঞ্জ (লক্ষীপুর) সংবাদদাতা

প্রকাশিত: ১৬ জুন, ২০২৬, ০৫:৪৬ পিএম

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা যুবদলের সদস্য বিল্লাল হোসেন বাবু -কে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং সংগঠনের নীতি-আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সাময়িকভাবে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, লক্ষ্মীপুর জেলা শাখা।

মঙ্গলবার (১৬ জুন) লক্ষ্মীপুর জেলা যুবদলের প্যাডে জারি করা এক সাংগঠনিক নোটিশে এ তথ্য জানানো হয়। নোটিশে উল্লেখ করা হয়, সংগঠনের শৃঙ্খলা, ঐক্য এবং ভাবমূর্তি অক্ষুণ্ন রাখার স্বার্থে বিল্লাল হোসেন বাবুকে রামগঞ্জ উপজেলা যুবদলের সদস্য পদ থেকে সাময়িকভাবে বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

জেলা যুবদলের নেতৃবৃন্দ জানান, তার বিরুদ্ধে দলীয় নীতি ও আদর্শবিরোধী কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রাথমিক তদন্তের ভিত্তিতে এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

নোটিশে আরও বলা হয়, কেন তাকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, সে বিষয়ে নোটিশ প্রাপ্তির তিন কর্মদিবসের মধ্যে জেলা যুবদলের সভাপতি আব্দুল আলীম হুমায়ুন এবং সাধারণ সম্পাদক সৈয়দ রফিউল হাসান লিংকনের সম্মুখে উপস্থিত হয়ে লিখিত অথবা মৌখিকভাবে ব্যাখ্যা প্রদান করতে হবে।

দলীয় সূত্রে জানা যায়, নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক ব্যাখ্যা প্রদান করতে ব্যর্থ হলে অথবা অভিযোগের বিষয়ে গ্রহণযোগ্য জবাব দিতে না পারলে তার বিরুদ্ধে আরও কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হতে পারে।

এদিকে, জেলা যুবদলের এ সিদ্ধান্ত স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনার সৃষ্টি করেছে। দলীয় শৃঙ্খলা রক্ষা ও সংগঠনের ভাবমূর্তি সমুন্নত রাখতে ভবিষ্যতেও এমন সাংগঠনিক পদক্ষেপ অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট নেতারা জানিয়েছেন।

Advertisement

Link copied!