চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের জোড়আমতল এলাকার সাগর উপকূল থেকে আনুমানিক ৩৫ বছর বয়সী এক অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে।
গত সোমবার (১৫ জুন) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭ টার দিকে কুমিরা নৌ পুলিশ মরদেহটি উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে , সোমবার বিকেলে জোড়আমতল সাগর উপকূলে জোয়ারের পানিতে একটি মরদেহ ভেসে আসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। বিষয়টি প্রথমে মানবিক ও সামাজিক সংগঠন ‘গাউছিয়া কমিটি’কে জানানো হয়। খবর পেয়ে গাউছিয়া কমিটির সমন্বয়ক মো. নাছির উদ্দীনের নেতৃত্বে একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তারা সাগর উপকূল থেকে মরদেহটি উদ্ধার করে কুমিরা নৌ পুলিশের কাছে হস্তান্তর করেন।
গাউছিয়া কমিটির সমন্বয়ক মো. নাছির উদ্দীন জানান, বিকেলের দিকে স্থানীয়রা আমাদের জোয়ারের পানিতে মরদেহ ভেসে আসার খবর দেয়। আমরা সন্ধ্যার দিকে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করি। যুবকের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহটি বিকৃত ও অর্ধগলিত হয়ে যাওয়ায় ধারণা করা হচ্ছে এটি ৪-৫ দিন আগের।
কুমিরা নৌ পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল ওয়াহেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সোনাইছড়ি ইউনিয়নের জোড়আমতল এলাকার সাগর উপকূলে জোয়ারের পানিতে একটি মরদেহ ভেসে আসার খবর পেয়ে আমরা দ্রুত সেখানে যাই। এরপর গাউছিয়া কমিটির স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করা হয়।
নৌ পুলিশ কর্মকর্তা আরও জানান, উদ্ধারের পর মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। মরদেহটি অর্ধগলিত থাকায় তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তবে নিহতের পরিচয় উদঘাটন এবং মৃত্যুর রহস্য উন্মোচনে পুলিশ তদন্ত শুরু করেছে।
আপনার মতামত লিখুন :