মাদক উদ্ধার ও আইন-শৃঙ্খলা রক্ষায় কুমিল্লা জেলায় শ্রেষ্ঠ ব্রাহ্মণপাড়া থানা

মোঃ রেজাউল হক শাকিল , ব্রাহ্মণপাড়া প্রতিনিধি

প্রকাশিত: ১৫ জুন, ২০২৬, ০৮:৩২ পিএম

গত মে মাসে মাদকদ্রব্য উদ্ধার এবং আইন-শৃঙ্খলা রক্ষায় ব্যাপক সাফল্যের স্বীকৃতিস্বরূপ কুমিল্লা জেলার মধ্যে "বিশেষ পুরস্কার" লাভ করেছে ব্রাহ্মণপাড়া থানা। কুমিল্লা জেলার পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান, পিপিএম মহোদয়ের নিকট হতে এই গৌরবময় পুরস্কার গ্রহণ করেন ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফারুক হোসেন। মাসিক কল্যাণ সভায় এই কৃতিত্বপূর্ণ অবদানের জন্য তাঁকে এবং তাঁর পুরো টিমকে আনুষ্ঠানিকভাবে পুরস্কৃত করা হয়।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, বিদায়ী মে মাসে ব্রাহ্মণপাড়া থানা এলাকায় মাদকবিরোধী চিরুনি অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এই বিশেষ অভিযানে অনন্য কৃতিত্ব প্রদর্শন করায় উপজেলার শ্রেষ্ঠ মাদকদ্রব্য উদ্ধারের পুরস্কার লাভ করেছেন এসআই(নিঃ) মোঃ আল আমিন, এসআই(নিঃ) সৈকত মজুমদার, এসআই(নিঃ) মোঃ সাইফুল ইসলাম সিদ্দিকী এবং এসআই(নিঃ) মোঃ নূর-আল-আহসান। অভিযানকালে পুলিশ সর্বমোট ১৫৪৬ পিস ইয়াবা ট্যাবলেট, ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ, ২৫ বোতল স্কফ সিরাপ, ১০৪ কেজি গাঁজা এবং ০১টি আস্ত গাঁজা গাছ উদ্ধার করে।

মাদক উদ্ধারের পাশাপাশি বিজ্ঞ আদালতের গ্রেফতারি পরোয়ানা (ওয়ারেন্ট) তামিল ও আসামি গ্রেফতারেও শতভাগ পেশাদারিত্বের পরিচয় দিয়েছে থানা পুলিশ। মে মাসে মোট ৪০টি গ্রেফতারি পরোয়ানা তামিল করে বিশেষ পুরস্কারে ভূষিত হয়েছেন এসআই(নিঃ) সৈকত মজুমদার, এসআই(নিঃ) মোঃ সাইফুল আলম সিদ্দিকী, এসআই(নিঃ) মোঃ নূর-আল-আহসান, এসআই(নিঃ) মোঃ নাছির উদ্দিন এবং এসআই(নিঃ) মোঃ ইমরান হোসেন।

এছাড়াও আইন-শৃঙ্খলার অন্যান্য ক্ষেত্রেও পুলিশ সদস্যরা কড়া নজরদারি বজায় রেখেছেন। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৩ জন অপরাধীকে সাজা প্রদানে অনন্য সহায়তা করার জন্য বিশেষ পুরস্কার পেয়েছেন এসআই(নিঃ) মোঃ মাহতাব হোসাইন। একই সাথে সামগ্রিক ভালো কাজের স্বীকৃতি হিসেবে এবং মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তমিলে উল্লেখযোগ্য ভূমিকা রাখায় কনস্টেবল/১৮৫৬ আরমান খান এবং কনস্টেবল/১০৯৩ নূর মোহাম্মদ শেখ দ্বয়কে পুরস্কৃত করা হয়।

এই গৌরবময় অর্জনের পর ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফারুক হোসেন বলেন, "এই অর্জন পুরো ব্রাহ্মণপাড়া থানা পুলিশের টিমওয়ার্কের ফসল। আমি আমাদের মান্যবর পুলিশ সুপার মহোদয়কে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই, যাঁর সঠিক দিকনির্দেশনা ও অনুপ্রেরণায় আমরা এই সাফল্য অর্জন করতে পেরেছি। একই সাথে আমি ব্রাহ্মণপাড়া উপজেলাবাসীকে এই অর্জনের জন্য আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আপনাদের সহযোগিতা ও সঠিক তথ্যের ভিত্তিতেই আমরা অপরাধমুক্ত সমাজ বিনির্মাণে কাজ করে যাচ্ছি। এই পুরস্কার আমাদের আগামী দিনের দায়িত্ববোধ আরও বাড়িয়ে দিল।"

কুমিল্লা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ আশা প্রকাশ করেন, ব্রাহ্মণপাড়া থানার এই ধারাবাহিক সাফল্য জেলার অন্যান্য থানার জন্য একটি দৃষ্টান্ত হয়ে থাকবে এবং পুলিশ ও জনগণের যৌথ প্রচেষ্টায় জেলাকে সম্পূর্ণ মাদকমুক্ত করা সম্ভব হবে।

Advertisement

Link copied!