টহল পুলিশের গুলিতে আহত তরুণ, ৫ কোটি ক্ষতিপূরণ দাবিতে হাইকোর্টের রুল

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ১৮ জুন, ২০২৬, ০২:১৭ পিএম

২০১৯ সালে মুন্সীগঞ্জে টহল পুলিশের গুলিতে আহত সাহাদাত হোসেন শ্যামলকে কেন ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে না— এ বিষয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

একইসঙ্গে আদালত তাকে আপাতত ২ লাখ টাকা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

বুধবার (১৭ জুন) বিচারপতি খিজির আহমেদ চৌধুরীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. শাহিনুজ্জামান। ঘটনার পর ৫ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক) রিট দায়ের করে।

রিটে ২০১৯ সালের ১৭ এপ্রিল বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন সংযুক্ত করা হয়। প্রতিবেদনে বলা হয়, মুন্সীগঞ্জের ঢাকা–নবাবগঞ্জ সড়কের কামারকান্দা এলাকায় পুলিশের একটি চেকপোস্টে সাহাদাত হোসেন শ্যামল (২০) গুলিবিদ্ধ হন। প্রত্যক্ষদর্শী ও তার বন্ধুদের অভিযোগ, কোনো কিছু বুঝে ওঠার আগেই পুলিশ তাকে পায়ে গুলি করে।

 

তবে পুলিশের পক্ষ থেকে ঘটনাটিকে ‘অনিচ্ছাকৃত’ হিসেবে উল্লেখ করা হয় এবং ঘটনার পর দুঃখ প্রকাশ করা হয়েছিল।

Link copied!