জাতীয় মঞ্চে কেরানীগঞ্জের মুখ উজ্জ্বল করল নয়াবাজার উচ্চ বিদ্যালয়

নাজিউল্লাহ ভূইয়া , কেরানীগঞ্জ (ঢাকা) সংবাদদাতা

প্রকাশিত: ১৮ জুন, ২০২৬, ০৪:০৪ পিএম

শিক্ষা, বিজ্ঞান, উদ্ভাবন ও সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে ধারাবাহিক সাফল্যের মাধ্যমে কেরানীগঞ্জের মুখ উজ্জ্বল করেছে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নয়াবাজার উচ্চ বিদ্যালয়। সম্প্রতি বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের দুটি উল্লেখযোগ্য অর্জন এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

প্রথম অর্জনটি এসেছে জাতীয় পর্যায়ের আন্তঃপিটিআই সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ থেকে। বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী এবং বর্তমানে আটি পাচদোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সাথী আক্তার উপস্থিত বক্তৃতা বিষয়ে জাতীয় পর্যায়ে তৃতীয় স্থান অর্জন করেছেন। এর আগে তিনি ঢাকা জেলা পর্যায়ে প্রথম স্থান এবং বিভাগীয় পর্যায়েও প্রথম স্থান লাভ করে জাতীয় প্রতিযোগিতায় অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেন। জাতীয় পর্যায়ের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তাঁর হাত থেকে পুরস্কার গ্রহণ করেন সাথী আক্তার। এ অর্জনে নয়াবাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে।

অন্যদিকে, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতাধীন “এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (EESS)” এর অধীনে আয়োজিত Startup, Science Project and Innovation Idea Showcasing কর্মসূচিতে অসাধারণ সাফল্য অর্জন করেছে নয়াবাজার উচ্চ বিদ্যালয়। উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার পর জেলা পর্যায়েও নিজেদের উদ্ভাবনী প্রকল্প উপস্থাপনার মাধ্যমে প্রথম ১৭টি নির্বাচিত প্রকল্পের মধ্যে স্থান করে নিয়েছে বিদ্যালয়টি। এই অর্জনের পেছনে নেতৃত্ব দিয়েছে বিদ্যালয়ের দশম শ্রেণির মেধাবী শিক্ষার্থী আফরিন, মাইশা আক্তার নিশু ও নুসরাত। জেলা পর্যায়ের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা জেলার জেলা প্রশাসক ফরিদা খানম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. জুবাইদা রহমান। অনুষ্ঠানে বিভিন্ন জেলার নির্বাচিত শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণ করে তাদের উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করে।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের এই অর্জনের পেছনে শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধান, অভিভাবকদের উৎসাহ এবং পরিচালনা পর্ষদের সার্বিক সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বিশেষ করে বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের সিনিয়র শিক্ষক রাশেদ উল হক শিক্ষার্থীদের প্রকল্প বাস্তবায়ন ও উপস্থাপনায় গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খলিলুর রহমান বলেন, “শিক্ষার্থীদের এই অর্জন আমাদের জন্য অত্যন্ত আনন্দের। তাদের সৃজনশীলতা ও পরিশ্রমের ফলেই এমন সাফল্য এসেছে। বিগত দিনেও আমাদের অনেক শিক্ষার্থী জাতীয় পর্যায়ে অংশ গ্রহণ করে অনন্য কৃতি স্থাপন করেছে। আমরা আশা করি, ভবিষ্যতেও তারা আরও বড় পরিসরে নিজেদের মেধার স্বাক্ষর রাখবে এবং তার ধারাবাহিকতা বজায় রাখবে।”

উপজেলা একাডেমিক সুপারভাইজার হালিমা আক্তার মনে করেন, একই সময়ে বিজ্ঞান ও সংস্কৃতির দুটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে নয়াবাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাফল্য কেরানীগঞ্জের শিক্ষা অঙ্গনের জন্য অত্যন্ত গর্বের বিষয়। এ ধরনের অর্জন অন্য শিক্ষার্থীদেরও সৃজনশীল ও উদ্ভাবনী কর্মকাণ্ডে উৎসাহিত করবে।

বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী এই সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তাঁদের প্রত্যাশা, আগামী দিনে বিভাগীয়, জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়েও নয়াবাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা আরও বড় সাফল্য অর্জন করে কেরানীগঞ্জ তথা বাংলাদেশের সুনাম বৃদ্ধি করবে।

Link copied!