ঢাকা-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমান উল্লাহ আমান বলেছেন, “সংসার ঠিক না থাকলে রাষ্ট্র ঠিক থাকবে না। পরিবার থেকেই একজন মানুষের নৈতিক শিক্ষা, মূল্যবোধ ও চরিত্র গড়ে ওঠে। তাই পরিবারকে শক্তিশালী করতে হবে, তাহলেই সমাজ ও রাষ্ট্র সঠিক পথে এগিয়ে যাবে।”
বুধবার ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার শাক্তা ইউনিয়নে আয়োজিত ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “তরুণ প্রজন্মকে মাদক, সন্ত্রাস ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলাধুলা শুধু শরীরচর্চার মাধ্যম নয়, এটি একজন তরুণকে শৃঙ্খলাবোধ, নেতৃত্বগুণ ও সামাজিক দায়িত্ববোধ শেখায়। একটি সুস্থ জাতি গঠনে খেলাধুলার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের যুবসমাজকে মাদকাসক্তির ভয়াবহতা থেকে রক্ষা করতে হলে তাদের খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং বিভিন্ন সৃজনশীল কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত করতে হবে। এ লক্ষ্যে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সমাজের সকল স্তরের মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।”
মাদকের ক্ষতিকর প্রভাব তুলে ধরে আমান বলেন, “মাদক একটি পরিবারকে ধ্বংস করে দেয়, সমাজকে বিপর্যস্ত করে এবং রাষ্ট্রের ভবিষ্যৎকে হুমকির মুখে ফেলে। তাই মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। শুধু প্রশাসনের ওপর নির্ভর করলে হবে না, জনগণকেও সচেতন হতে হবে।” তিনি আরও বলেন, তরুণদের জন্য পর্যাপ্ত খেলার মাঠ ও ক্রীড়া অবকাঠামো নিশ্চিত করতে হবে। খেলাধুলার সুযোগ বাড়ানো গেলে যুবসমাজ বিপথগামী হওয়ার ঝুঁকি থেকে অনেকাংশে মুক্ত থাকবে।
অনুষ্ঠানে মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে আমান উল্লাহ আমান বলেন, “ঢাকা-২ আসনে কোনো মাদক ব্যবসায়ী বা চাঁদাবাজের স্থান হবে না। কেউ দলীয় পরিচয় ব্যবহার করে অপকর্মে জড়িত থাকলে আইনশৃঙ্খলা বাহিনী তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।”
টুর্নামেন্টের ফাইনাল খেলায় আটি পাঁচদোনা ফুটবল একাডেমিকে ২-১ গোলে পরাজিত করে মালকাদির মাস্টার গ্রাম বয়েজ ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ হাজি তারেক ইমাম বাবুলের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা মডেল বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজি মোহাম্মদ শামিম, শাক্তা ইউনিয়ন বিএনপির সভাপতি মহসিন মন্টু, সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর, দপ্তর সম্পাদক জানে আলম সুমন, আটি বাজার বনিক সমিতির সভাপতি হাজি মোহাম্মদ হুমায়ুন, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, যুবনেতা শাহাদাৎ, কাইয়ুম লোকমান, ফয়সাল, ছাত্রনেতা সাইফুল, নওশাদসহ স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী, ক্রীড়া সংগঠক, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক। খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি আমান উল্লাহ আমান।
আপনার মতামত লিখুন :