কক্সবাজারের কুতুবদিয়ার পশ্চিমে গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে প্রায় দুই দিন ধরে অসহায় অবস্থায় ভেসে থাকা একটি ফিশিং বোটসহ চার জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। সময়োপযোগী এই উদ্ধার অভিযানে সম্ভাব্য বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
শুক্রবার (১৯ জুন) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, কক্সবাজার থেকে ‘এফবি সৌরভ’ নামের একটি ফিশিং বোট চার জেলেকে নিয়ে সন্দ্বীপের উদ্দেশ্যে রওনা দেয়। গত বৃহস্পতিবার (১৮ জুন) দুপুর ২টার দিকে কুতুবদিয়ার পশ্চিমে গভীর সমুদ্রে পৌঁছালে বোটটির ইঞ্জিন বিকল হয়ে যায়। ফলে বোটটি নিয়ন্ত্রণ হারিয়ে উত্তাল সাগরে ভাসতে থাকে এবং জেলেরা চরম বিপদের মুখে পড়েন।
পরিস্থিতির অবনতি হলে শুক্রবার সকাল ৯টার দিকে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে সাহায্য চান জেলেরা। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে সমুদ্রে টহলরত বাংলাদেশ কোস্ট গার্ডের একটি জাহাজ ঘটনাস্থলে ছুটে যায় এবং অভিযান চালিয়ে বিকল ফিশিং বোটসহ চার জেলেকে জীবিত উদ্ধার করে।
উদ্ধারের পর জেলেদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হয়। উদ্ধার হওয়া ফিশিং বোট ও জেলেদের মালিকপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা বলেন, দেশের সমুদ্র উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলে নিরাপত্তা নিশ্চিতকরণ, জনগণের জানমাল রক্ষা, চোরাচালান, মাদক ও মানবপাচার দমন এবং দুর্যোগকালীন উদ্ধার ও সহায়তা কার্যক্রমের পাশাপাশি সমুদ্রে কর্মরত জেলেদের নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশ কোস্ট গার্ড নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
তিনি আরও বলেন, সমুদ্রে বিপদগ্রস্ত জেলে ও নৌযান উদ্ধারে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জরুরি অভিযান অব্যাহত রাখবে।
আপনার মতামত লিখুন :