সীতাকুণ্ড জঙ্গল সলিমপুরে র্যাব সদস্য হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২০ জুন) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সীতাকুণ্ড জঙ্গল সলিমপুরের আলিনগরে চাঞ্চল্যকর র্যাব-৭-এর উপসহকারী পরিচালক (ডিএডি) নায়েব সুবেদার মোতালেব হোসেন ভূঁইয়া হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ ও র্যাব-৭ এর একটি টিম।
গ্রেপ্তারকৃত আসামি জঙ্গল সলিমপুরের আলিনগরের ৪ নম্বর সমাজের বাসিন্দা মো. আলি আহমেদের ছেলে আলি আকবর (২৬)। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড মডেল থানার ওসি মো. মহিনুল ইসলাম।
গত বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম নগরী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আগেও থানায় ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র মামলা রয়েছে।
সে বিভিন্ন জায়গায় স্থান পরিবর্তন করে ছদ্মবেশে ঘোরাফেরা করছিল এতদিন। থানা সূত্রে জানা গেছে, চলতি বছরের ১৯ জানুয়ারি সন্ত্রাসীদের ধরতে জঙ্গল সলিমপুরের আলিনগরে র্যাব-৭ এর একটি টিম অভিযান পরিচালনা করতে যায়। তখন ওই এলাকার সন্ত্রাসীরা হামলা চালিয়ে র্যাব-৭-এর উপসহকারী পরিচালক (ডিএডি) নায়েব সুবেদার মোতালেব হোসেন ভূঁইয়াকে নির্মমভাবে হত্যা করে। এ ঘটনায় র্যাব সদস্যরা অনেকেই মারাত্মক আহত হন।
ওই হত্যা মামলার এক সন্দেহভাজন আসামি চট্টগ্রাম নগরীতে অবস্থান করছে এমন গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ ও র্যাব-৭ এর একটি টিম দ্রুত সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় বলে জানান সীতাকুণ্ড মডেল থানার ওসি মো. মহিনুল ইসলাম। তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃত আসামি আলি আকবরের বিরুদ্ধে আগেও ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র মামলা রয়েছে। তাই উক্ত মামলায় আদালতে আসামির রিমান্ড চাওয়া হবে।
আপনার মতামত লিখুন :