কুমিল্লার চান্দিনা উপজেলার কালিয়ারচর-কুটুম্বপুর সড়কের বেহাল অবস্থার সংবাদ প্রকাশের পর দ্রুত উদ্যোগ গ্রহণ করেছেন স্থানীয় সংসদ সদস্য আতিকুল আলম শাওন। তাঁর নির্দেশনায় সড়কের ক্ষতিগ্রস্ত অংশে জরুরি সংস্কার কাজ শুরু হয়েছে।
গত ১৬ জুন ২০২৬ তারিখে বিভিন্ন গণমাধ্যমে কালিয়ারচর থেকে হোটকাতলি বাজার পর্যন্ত সড়কের ভয়াবহ দুরবস্থার সংবাদ প্রকাশিত হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, সাম্প্রতিক টানা বৃষ্টিতে সড়কের অন্তত পাঁচটি স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হয়ে সড়কটি মরণফাঁদে পরিণত হয়েছে। এতে প্রতিদিন দুর্ঘটনার শিকার হচ্ছিলেন সাধারণ মানুষ।
সংবাদ প্রকাশের পর বিষয়টি স্থানীয় সংসদ সদস্য আতিকুল আলম শাওনের নজরে এলে তিনি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। এরই ধারাবাহিকতায় সড়কের ক্ষতিগ্রস্ত অংশে মাটি ভরাট ও সংস্কার কাজ শুরু করা হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে সড়কটির বেহাল অবস্থার কারণে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। সংবাদ প্রকাশ এবং সংসদ সদস্যের দ্রুত পদক্ষেপে তারা সন্তোষ প্রকাশ করেছেন।
এলাকাবাসীর আশা, অস্থায়ী সংস্কারের পাশাপাশি ভবিষ্যতে সড়কটির স্থায়ী উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে, যাতে সাধারণ মানুষ নিরাপদে চলাচল করতে পারেন।
স্থানীয়রা দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য সংসদ সদস্য আতিকুল আলম শাওন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :