ময়মনসিংহের গৌরীপুর সাব-রেজিস্ট্রি অফিসের উদ্যোগে দলিল নিবন্ধন কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের লক্ষ্যে সনদপ্রাপ্ত দলিল লেখক এবং স্থায়ী-অস্থায়ী কর্মচারীদের অংশগ্রহণে দিনব্যাপী অভ্যন্তরীণ প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত গৌরীপুর সাব-রেজিস্ট্রি অফিসে এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালার উদ্বোধন ও সভাপতিত্ব করেন গৌরীপুরের সাব-রেজিস্টার মো. রফিকুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোহরার মো. আমিনুল ইসলাম।
উদ্বোধনী বক্তব্যে সাব-রেজিস্টার মো. রফিকুল ইসলাম বলেন, ভূমি নিবন্ধন একটি গুরুত্বপূর্ণ দাপ্তরিক প্রক্রিয়া, যা সরাসরি জনগণের স্বার্থের সঙ্গে সম্পৃক্ত। নিবন্ধন কার্যক্রমকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব করতে দলিল লেখক ও সংশ্লিষ্ট কর্মচারীদের দক্ষতা বৃদ্ধি অপরিহার্য। তিনি শুদ্ধাচার, নৈতিকতা ও আধুনিক প্রযুক্তিনির্ভর সেবা ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করে বলেন, বর্তমান ডিজিটাল যুগে সেবার মানোন্নয়ন এবং সেবাগ্রহীতাদের আস্থা অর্জনে দলিল লেখকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন কান্দিপাড়া সাব-রেজিস্ট্রি অফিসের সাব-রেজিস্টার স্বপ্না বিশ্বাস, নান্দাইল সাব-রেজিস্ট্রি অফিসের সাব-রেজিস্টার শেখ আব্দুস সামাদ আজাদ, তারাকান্দা সাব-রেজিস্ট্রি অফিসের সাব-রেজিস্টার মো. রহমত উল্লাহ লতিফ এবং পাগলা সাব-রেজিস্ট্রি অফিসের সাব-রেজিস্টার এম. নফিজ বিন যামান। তাঁরা দলিল নিবন্ধনের কারিগরি বিষয়, বিদ্যমান নীতিমালা, মানসম্মত মুসাবিদা প্রণয়ন, দলিল লেখকদের দায়িত্ব ও কর্তব্য, আইনি প্রক্রিয়া এবং দুর্নীতি প্রতিরোধে করণীয় বিষয়ে বিস্তারিত প্রশিক্ষণ প্রদান করেন।
প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারী দলিল লেখক ও স্থায়ী-অস্থায়ী কর্মচারীরা বলেন, এ ধরনের প্রশিক্ষণ তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও কাজের মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে তাঁরা ভবিষ্যতেও নিয়মিতভাবে এ ধরনের প্রশিক্ষণ কর্মশালার আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।
আয়োজক সূত্রে জানা গেছে, নিবন্ধন কার্যক্রমকে আরও মানসম্মত, স্বচ্ছ ও জনবান্ধব করে তুলতে ভবিষ্যতেও ধারাবাহিকভাবে এ ধরনের প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হবে।প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মূল্যায়নের জন্য ২৫ নম্বরের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় সর্বোচ্চ নম্বর অর্জন করে প্রথম স্থান অধিকার করেন দলিল লেখক মো. মাজহারুল ইসলাম। দ্বিতীয় স্থান অর্জন করেন দলিল লেখক মো. এনামুল হক এবং তৃতীয় স্থান অর্জন করেন দলিল লেখক বেগ ফারুক আহমেদ।
পরে সাব-রেজিস্টার মো. রফিকুল ইসলাম বিজয়ীদের হাতে ২০২৬ সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেন। পুরস্কার বিতরণ এবং ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপ্তি ঘোষণা করা হয়।
আপনার মতামত লিখুন :