বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট ও সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহ (জেইউএম)-এর আয়োজনে ‘সাংবাদিকদের আর্থিক সুরক্ষা ও কল্যাণে করণীয়’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ জুন) বিকেলে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের সভাপতি এম. আইয়ুব আলী। অনুষ্ঠানে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা প্রশাসক ও বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট, ময়মনসিংহের সভাপতি মো. সাইফুর রহমান। তিনি বলেন, সাংবাদিকতা শুধু একটি পেশা নয়, এটি সমাজ ও রাষ্ট্রের প্রতি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের ক্ষেত্র। সাংবাদিকরা গণমানুষের কথা তুলে ধরেন, নীতি ও উন্নয়ন কার্যক্রমকে জনসমক্ষে নিয়ে আসেন এবং জনস্বার্থে নিরলসভাবে কাজ করেন। তাই তাদের আর্থিক নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের সম্মিলিত দায়িত্ব।
তিনি আরও বলেন, অনেক সময় মাঠপর্যায়ে কর্মরত সাংবাদিকরা নানা সীমাবদ্ধতার মধ্যে দায়িত্ব পালন করেন। তাদের জন্য সামাজিক নিরাপত্তা, জরুরি সহায়তা এবং কল্যাণমূলক কার্যক্রমকে আরও কার্যকর ও সহজলভ্য করতে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছে। ভবিষ্যতেও সাংবাদিকদের কল্যাণে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বিশেষ অতিথির বক্তব্যে ময়মনসিংহ জেলা তথ্য অফিসের পরিচালক ও সাংবাদিক কল্যাণ ট্রাস্ট ময়মনসিংহের সদস্য সচিব মীর আকরাম উদ্দিন আহমদ বলেন, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি উদ্যোগের পাশাপাশি সংগঠনভিত্তিক সহযোগিতাও জোরদার করতে হবে।
এ সময় আরও বক্তব্য দেন সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এবং ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম। বক্তারা সাংবাদিকদের কল্যাণ তহবিল সম্প্রসারণ, আর্থিক সহায়তা কার্যক্রম আরও গতিশীল করা এবং পেশাগত মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।অনুষ্ঠান সঞ্চালনা করেন ময়মনসিংহ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ২০২৫–২৬ অর্থবছরের চতুর্থ কিস্তির আর্থিক সহায়তা ও অনুদানের চেক উপকারভোগী সাংবাদিকদের মাঝে আনুষ্ঠানিকভাবে বিতরণ করেন।অনুষ্ঠানে কিশোরগঞ্জ জেলাসহ বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :