তারাকান্দায় সাবেক প্রতিমন্ত্রীসহ ৫৪ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৫৪ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৪০ থেকে ৫০ জনকে আসামি করে মামলা দায়ের করেছে পুলিশ। এ ঘটনায় এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) তারাকান্দা থানার উপ-পরিদর্শক (এসআই) সজিব কুমার দাস বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর সংশ্লিষ্ট ধারায় মামলাটি দায়ের করেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার বিসকা ইউনিয়নের কাকনী বাজার এলাকায় হাজী হেলাল বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য এবং আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনায় জড়ো হয়েছে— এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা ইটপাটকেল নিক্ষেপ করে এবং ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে বলে মামলায় উল্লেখ করা হয়েছে। এ সময় পুলিশ ধাওয়া করে  মো. হোসেন আলী( ৪৫), ও  রিয়াজ আহম্মেদ (২৫) ও করিম হোসেন কে গ্রেপ্তার করে।

মামলায় সাবেক সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী শরীফ আহমেদ ছাড়াও তার অনুসারী এবং স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বর্তমান ও সাবেক বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের আসামি করা হয়েছে। এজাহারে  কোরিয়া প্রাবাসি শেখ হাসিনা সংগ্রাম পরিষদের আহ্বায়ক তোফাজ্জল হোসেন রনুসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের সভাপতি, সাধারণ সম্পাদকসহ মোট ৫৪ জনের নাম উল্লেখ রয়েছে।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাশিদ বলেন, “পুলিশের সরকারি কাজে বাধা প্রদান, ককটেল বিস্ফোরণ এবং নাশকতার পরিকল্পনার অভিযোগে মামলাটি রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”

 

Advertisement

Link copied!