নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অপপ্রচারের বিরুদ্ধে ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের অবস্থান কর্মসূচি

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ২৫ জুন, ২০২৬, ১২:৫৭ এএম

মোঃ আমিনূর ইসলাম রাব্বি, ময়মনসিংহ ব্যুরো: নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগ-এর অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল-এর ময়মনসিংহ উত্তর জেলা যুবদল। বুধবার (২৪ জুন) দুপুরে ময়মনসিংহ শহরের পুরাতন ত্রিশাল বাসস্ট্যান্ড এলাকায় এ অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে যুবদলের নেতাকর্মীরা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ জানান এবং গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখার আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন নিহাদ সালমান ডুনন, সাবেক সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ময়মনসিংহ উত্তর জেলা-সহ যুবদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বক্তারা বলেন, দেশের রাজনৈতিক অঙ্গনে অপপ্রচার, উসকানিমূলক বক্তব্য ও শিষ্টাচার বহির্ভূত কর্মকাণ্ডের কোনো স্থান নেই। তারা গণতান্ত্রিক মূল্যবোধ ও রাজনৈতিক সহনশীলতা বজায় রেখে সকলকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান। কর্মসূচি শেষে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি সমাপ্ত করেন।

Advertisement

Link copied!