চীনের দালিয়ান থেকে দ্রুতগতির রেলগাড়িতে রাজধানী বেইজিংয়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার স্থানীয় সময় বিকেল ৫টা ৩৫ মিনিটে তিনি বেইজিংয়ের চাওইয়াং রেলস্টেশনে পৌঁছালে তাকে লাল গালিচা সংবর্ধনা ও সম্মানসূচক সালাম জানানো হয়।
প্রধানমন্ত্রীর সঙ্গে সফরসঙ্গী হিসেবে রয়েছেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। রেলস্টেশনে তাদের স্বাগত জানান চীনের শুল্ক প্রশাসনের মন্ত্রী এবং চীনের কমিউনিস্ট পার্টির সংশ্লিষ্ট কমিটির সম্পাদক সুন মেইজুন। এ সময় শিশু-কিশোররা ফুলের তোড়া দিয়ে প্রধানমন্ত্রী ও তার সহধর্মিণীকে শুভেচ্ছা জানায়।
আনুষ্ঠানিক অভ্যর্থনা পর্ব শেষে বিশেষ মোটর শোভাযাত্রার মাধ্যমে প্রধানমন্ত্রীকে চীনের রাষ্ট্রীয় অতিথিশালা দিয়াওইউতাইয়ে নিয়ে যাওয়া হয়। বেইজিং সফরকালে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা সেখানেই অবস্থান করবেন।
এর আগে বুধবার দুপুর ১টা ৫৮ মিনিটে দালিয়ান উত্তর রেলস্টেশন থেকে দ্রুতগতির বুলেট রেলগাড়িতে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা করেন তিনি। রাজধানীতে যাওয়ার আগে সকালে দালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ব অর্থনৈতিক মঞ্চ আয়োজিত গ্রীষ্মকালীন দাভোস সম্মেলনে অংশ নেন প্রধানমন্ত্রী।
এই সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন, প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
উল্লেখ্য, গত সোমবার মালয়েশিয়ায় দুই দিনের সফর শেষে চীনের দালিয়ানে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর গত ১৭ ফেব্রুয়ারি সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই তার প্রথম বিদেশ সফর।
আপনার মতামত লিখুন :