জাতীয় সংসদে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আয়নাঘরের সেই চেয়ারে বসিয়ে বিদ্যুৎস্পৃষ্ট করার দাবি জানিয়েছেন সংরক্ষিত নারী আসনের বিএনপির সংসদ সদস্য রেহানা আক্তার রানু।
মঙ্গলবার (২৩ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি জানান।
রেহানা আক্তার রানু বলেন, সম্প্রতি তিনি একটি আয়নাঘর পরিদর্শন করেছেন, যেখানে এমন একটি চেয়ার দেখেছেন বলে দাবি করেন, যে চেয়ারে অতীতে বিরোধী দলের সদস্যদের বিদ্যুৎস্পৃষ্ট করা হতো। তাঁর ভাষ্য, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে সেই চেয়ারে বসিয়ে বা শুইয়ে বিদ্যুৎস্পৃষ্ট করা উচিত।
বিরোধী রাজনৈতিক শক্তিগুলোর প্রতি ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিভক্তির কারণে যদি শেখ হাসিনা আবার ক্ষমতায় ফিরে আসেন, তবে যারা একসময় প্রতিবাদের অংশ হিসেবে নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমের পরিচিতিচিত্র লাল করেছিলেন, তাদের জীবন দুর্বিষহ হয়ে উঠতে পারে।
জুলাইয়ের গণঅভ্যুত্থানে ফেনীতে নিহত ১১ জনের পরিবারের ক্ষোভের কথাও সংসদে তুলে ধরেন রেহানা আক্তার রানু। তিনি বলেন, নিহতদের স্বজনেরা অভিযোগ করেছেন যে পুলিশ প্রশাসন অভিযুক্তদের গ্রেপ্তারে কার্যকর ভূমিকা পালন করছে না। আবার গ্রেপ্তারের পরও আদালত থেকে তারা জামিন পাচ্ছে। নিহতদের পরিবার শুধু ন্যায়বিচার চায় বলেও তিনি উল্লেখ করেন।
ব্যাংক খাতের অনিয়ম নিয়ে ক্ষোভ প্রকাশ করে বিএনপির এই সংসদ সদস্য বলেন, কিছু ব্যক্তি ও গোষ্ঠী বিভিন্ন ব্যাংক লুটপাট করে দেশের বাইরে বিলাসবহুল জীবনযাপন করছে। অথচ সাধারণ গ্রাহকেরা নিজেদের জমাকৃত অর্থ প্রয়োজনের সময় তুলতে পারছেন না। এসব অর্থ আত্মসাৎকারীর সম্পদ নিলামে বিক্রি করে ক্ষতিগ্রস্ত গ্রাহকদের অর্থ ফেরত দেওয়ার দাবি জানান তিনি।
এ ছাড়া সরকারি হাসপাতালের কিছু নার্স রোগীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন বলেও অভিযোগ করেন রেহানা আক্তার রানু।
আপনার মতামত লিখুন :