সংসদ অধিবেশনের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো রাষ্ট্রীয় কাজ নেই: স্পিকার

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ২৩ জুন, ২০২৬, ০৭:৩৭ পিএম

জাতীয় সংসদের অধিবেশন চলাকালে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীদের উপস্থিতি নিশ্চিত করতে কঠোর নির্দেশনা দিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি বলেছেন, সংসদ অধিবেশনের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো রাষ্ট্রীয় কাজ হতে পারে না।

মঙ্গলবার (২৩ জুন) জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে সদস্যদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে স্পিকার এ নির্দেশনা দেন। এদিন সংসদীয় নির্দেশিকা প্রকাশ, বিরোধীদলীয় নেতার অসন্তোষ এবং বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা হয়।

বাজেটের গুরুত্বপূর্ণ আলোচনার সময় সংশ্লিষ্ট মন্ত্রীদের অনুপস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, সংসদ সদস্যরা নিজ নিজ এলাকার বিভিন্ন সমস্যা, দাবি-দাওয়া কিংবা হাসপাতালসংক্রান্ত বিষয় সংসদে তুলে ধরলেও সংশ্লিষ্ট মন্ত্রীরা উপস্থিত না থাকায় সেসব বক্তব্য সরাসরি তাদের কাছে পৌঁছায় না। এতে কার্যকর সমাধানের পথও বাধাগ্রস্ত হয়।

এ বিষয়ে স্পিকার বলেন, সংসদ সদস্যদের উত্থাপিত সমস্যা ও জনদুর্ভোগ নিরসনে মন্ত্রীদের সক্রিয় ভূমিকা রাখতে হবে। তিনি অধিবেশন চলাকালে মন্ত্রীদের যথাসময়ে উপস্থিত থাকার নির্দেশ দেন। একই সঙ্গে সংসদ কক্ষে ছোট ছোট দলে বিভক্ত হয়ে আলাপ-আলোচনা না করার জন্য সদস্যদের সতর্ক করেন।

অন্যদিকে, সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ অভিযোগ করেন, মন্ত্রণালয়গুলোর কোনো সমন্বিত নির্দেশিকা না থাকায় সংসদ সদস্যরা দাপ্তরিক যোগাযোগে নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন। তিনি দ্রুত একটি পূর্ণাঙ্গ নির্দেশিকা প্রণয়নের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

জবাবে স্পিকার জানান, ২০২৬ সালের সংসদীয় নির্দেশিকা প্রকাশের কাজ চলছে। তবে অনেক সদস্য এখনো প্রয়োজনীয় তথ্য জমা না দেওয়ায় প্রকাশ কার্যক্রমে বিলম্ব হচ্ছে। তিনি দ্রুত তথ্য জমা দেওয়ার জন্য সদস্যদের অনুরোধ জানান।

পয়েন্ট অব অর্ডারে ড. শফিকুল ইসলাম মাসুদ প্রবীণ রাজনীতিক মির্জা আব্বাসের শারীরিক অবস্থা ও শপথ গ্রহণের বিষয়েও জানতে চান। পাশাপাশি ঋণ খেলাপি ও আইনি জটিলতায় থাকা আরও দুই সংসদ সদস্যের অবস্থান এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক গুজব সম্পর্কে সরকারের বক্তব্য দাবি করেন।

স্পিকার সংসদকে জানান, মির্জা আব্বাস চিঠির মাধ্যমে তাঁর শারীরিক অবস্থার উন্নতির কথা জানিয়েছেন। সম্পূর্ণ সুস্থ হওয়ার পর তিনি সংসদে যোগ দেবেন বলেও উল্লেখ করেছেন।

এ সময় স্পিকার গুজব কিংবা আদালতে বিচারাধীন কোনো বিষয় নিয়ে আলোচনা করে সংসদের মূল্যবান সময় নষ্ট না করার জন্য সদস্যদের প্রতি কঠোর আহ্বান জানান।

Advertisement

Link copied!