বিয়েতে নাচ-গানের নামে অতিরিক্ত খরচ কমানোর আহ্বান

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ২২ জুন, ২০২৬, ১০:৩৮ পিএম

বিয়ের অনুষ্ঠানকে কেন্দ্র করে অতিরিক্ত খরচ, আড়ম্বর এবং ভোগবিলাস কমানোর আহ্বান জানিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন। তিনি বলেছেন, বিয়ের নামে অপ্রয়োজনীয় আয়োজন ও অপচয় সমাজে ব্যয়ের চাপ বাড়াচ্ছে, যার প্রভাব দেশের সামগ্রিক অর্থনীতিতেও পড়ছে।

সোমবার (২২ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে এ বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে তিনি বিয়ের অনুষ্ঠানে অতিরিক্ত ব্যয় ও জাঁকজমকপূর্ণ প্রদর্শনী নিরুৎসাহিত করার ওপর গুরুত্বারোপ করেন।

শাহাদাত হোসেন বলেন, দেশে বিয়েকে ঘিরে বিত্ত-বৈভবের যে প্রতিযোগিতা ও প্রদর্শনী দেখা যাচ্ছে, তা বন্ধ হওয়া প্রয়োজন। তাঁর ভাষায়, গায়ে হলুদসহ বিভিন্ন অনুষ্ঠানে দীর্ঘ সময় ধরে নাচ-গানের আয়োজন করা হচ্ছে, যা ধর্মীয় মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

তিনি আরও বলেন, সামাজিক অপচয় কমাতে পুরোনো ‘অতিথি নিয়ন্ত্রণ আইন’ পুনরায় কার্যকর করার বিষয়টি বিবেচনা করা যেতে পারে। তাঁর মতে, এ ধরনের উদ্যোগ বাস্তবায়িত হলে অপ্রয়োজনীয় ব্যয় কমবে এবং অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে।

সংসদ সদস্যের দাবি, অতিথি নিয়ন্ত্রণ আইন কার্যকর করা এবং ধর্মীয় অনুশাসন মেনে চলার মাধ্যমে বাজারে চাপ কমানো সম্ভব। তিনি মন্তব্য করেন, এতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যও কমতে পারে।

বক্তব্যের একপর্যায়ে তিনি রাজনৈতিক প্রসঙ্গ টেনে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান মিতব্যয়িতার পক্ষে এবং অপচয়ের বিরোধী।

Advertisement

Link copied!