প্রধানমন্ত্রীর সাথে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইওর সাক্ষাৎ

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ২৩ জুন, ২০২৬, ০৯:৩৪ পিএম

চীনের দালিয়ানে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক মঞ্চের গ্রীষ্মকালীন সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সংস্থাটির সভাপতি ও প্রধান নির্বাহী আলোইস জভিংগি। মঙ্গলবার স্থানীয় সময় বিকেলে দালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশের জলবায়ু উদ্যোগ, নবায়নযোগ্য জ্বালানি এবং টেকসই উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সাক্ষাৎকালে আলোইস জভিংগি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য তারেক রহমানকে অভিনন্দন জানান। জবাবে প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বিশ্ব অর্থনৈতিক মঞ্চের বিভিন্ন কর্মসূচির প্রশংসা করেন এবং জলবায়ু ঝুঁকিতে থাকা বাংলাদেশসহ অন্যান্য বদ্বীপ রাষ্ট্র ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকিতে থাকা দেশগুলোর জন্য সমন্বিত সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানান।

প্রধানমন্ত্রী জানান, আগামী পাঁচ বছরে দেশে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি প্রায় ২০ হাজার কিলোমিটার নদী ও খাল পুনঃখননের মাধ্যমে পানিপ্রবাহ স্বাভাবিক রাখা, বন্যার ঝুঁকি কমানো এবং পরিবেশ সংরক্ষণের পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।

নবায়নযোগ্য জ্বালানি খাতের অগ্রগতির বিষয় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সৌরবিদ্যুৎ উৎপাদন উৎসাহিত করতে সরকার কর-সুবিধা চালু করেছে। এছাড়া ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ উৎপাদনের ২০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে অর্জনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

আলোইস জভিংগি বাংলাদেশের জলবায়ু সহনশীলতা গড়ে তোলার প্রচেষ্টা এবং টেকসই উন্নয়নমূলক কর্মসূচির প্রশংসা করেন। তিনি বলেন, এসব উদ্যোগ আন্তর্জাতিক অর্থায়নকারী সংস্থা ও বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশকে আরও আকর্ষণীয় করে তুলবে। একই সঙ্গে তিনি বাংলাদেশের উত্থাপিত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন এবং প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

বৈঠকে আলোইস জভিংগি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিতব্য বিশ্ব অর্থনৈতিক মঞ্চের বার্ষিক সম্মেলনে অংশগ্রহণের আমন্ত্রণ জানান।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন।

Link copied!