দিনাজপুরের কাহারোল উপজেলায় গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং প্রচার-প্রচারণা কার্যক্রম আরও জোরদার করার লক্ষ্যে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের নিয়ে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত আনসার ও ভিডিপি কর্মকর্তা আব্দুর রউফ।
সভায় গ্রাম আদালতের কার্যক্রম, সেবার পরিধি, সুবিধা এবং স্থানীয় পর্যায়ে ছোটখাটো বিরোধ দ্রুত ও স্বল্প ব্যয়ে নিষ্পত্তিতে গ্রাম আদালতের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে গ্রাম আদালত সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং তৃণমূল পর্যায়ে প্রচার-প্রচারণা কার্যক্রম পরিচালনায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের করণীয় বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষিকা মোছা. জান্নাতারা ঝর্না, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোঃ আব্দুল্লাহ আল মামুন এবং গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মোছা. শামীমা বেগম।
বক্তারা বলেন, গ্রাম আদালত স্থানীয় জনগণের জন্য সহজলভ্য ও কার্যকর বিরোধ নিষ্পত্তির একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। তাই এর সুফল সম্পর্কে জনগণকে অবহিত করতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে। সভায় অংশগ্রহণকারীরা গ্রাম আদালতের কার্যক্রম তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
আপনার মতামত লিখুন :