শাহেদ হোসেন সাতকানিয়া : চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নে এক সন্তানের জননী গলায় ওড়না পেঁচিয়ে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। ঘটনাটি আজ শুক্রবার (২৬ জুন) সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মুন্সী মাঝির পাড়ায় ঘটেছে। নিহত প্রবাসীর স্ত্রীর নাম জান্নাতুল ফেরদৌস নয়ন (২২)। তিনি ওই এলাকার প্রবাসী মনোয়ার হোসেনের স্ত্রী। তাঁর এক বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।
স্থানীয় ইউপি সদস্য মাস্টার দেলোয়ার হোসেন জানান, তিনি এলাকাবাসীর সঙ্গে খবর নিয়ে জানতে পারেন যে, নিহত নয়নের স্বামী সৌদি আরবে কর্মরত। আজ সকালে নিহত নয়ন ও তাঁর শাশুড়ি একসাথে সকালের নাস্তাও করেছেন। সকাল আনুমানিক ১০টার দিকে নিহতের শাশুড়ি বাড়ির পার্শ্ববর্তী কচু ক্ষেত থেকে কচুর লতি তুলতে যান। কিছুক্ষণ পর তাঁরই এক প্রতিবেশী তাঁকে জানান যে, তাঁর নাতী খুব বেশি কান্নাকাটি করছে। এরপর শাশুড়ি বাড়িতে প্রবেশ করে দেখেন যে, তাঁর পুত্রবধূ সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে আছেন। ইউপি সদস্য আরও জানান, কী কারণে ওই গৃহবধূ আত্মহত্যা করেছেন তার সঠিক কারণ তিনি জানেন না।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, আত্মহত্যার ঘটনার খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে থানার একজন অফিসারসহ ফোর্স পাঠানো হয়েছে। উক্ত বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আপনার মতামত লিখুন :