মিয়ানমার হয়ে বাংলাদেশ–চীন করিডোর গড়ার প্রস্তাব

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ২৬ জুন, ২০২৬, ০৫:৪৬ পিএম

চীন বাংলাদেশ, মিয়ানমার ও চীনকে যুক্ত করে একটি অর্থনৈতিক করিডোর প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছে। প্রধানমন্ত্রী কার্যালয়ের উপদেষ্টা ও মুখপাত্র মাহদী আমিন শুক্রবার (২৬ জুন) বেইজিংয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি বলেন, চার দিনের সরকারি সফরে চীনে অবস্থানরত বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের মধ্যে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকে অর্থনৈতিক সহযোগিতা, আঞ্চলিক যোগাযোগ সম্প্রসারণ এবং কৌশলগত অংশীদারত্ব জোরদারের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বৈঠকে বাংলাদেশ–মিয়ানমার–চীন অর্থনৈতিক করিডোর প্রতিষ্ঠার প্রস্তাবও উত্থাপন করে বেইজিং।

সংবাদ সম্মেলনে মাহদী আমিন আরও জানান, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এবং বাংলাদেশের সামগ্রিক নদী ব্যবস্থাপনার উন্নয়নে চীন সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছে। একই সঙ্গে দীর্ঘদিনের রোহিঙ্গা সংকটের সমাধানে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার আশ্বাসও দিয়েছে দেশটি।

তিনি বলেন, এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও চীনের দীর্ঘমেয়াদি অংশীদারত্ব এবং কৌশলগত সম্পর্ক নতুন মাত্রা পেয়েছে। পারস্পরিক আস্থা, সম্মান ও আত্মনির্ভরতার ভিত্তিতে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রাকে আরও শক্তিশালী করাই সরকারের অন্যতম লক্ষ্য।

এর আগে বৃহস্পতিবার বেইজিংয়ের গ্রেট হলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লালগালিচা সংবর্ধনার মাধ্যমে স্বাগত জানান চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। পরে দুই দেশের শীর্ষ নেতার উপস্থিতিতে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে ১৩টি সমঝোতা স্মারকে স্বাক্ষর করা হয়।

চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে প্রধানমন্ত্রী তারেক রহমান বর্তমানে সরকারি সফরে রয়েছেন। এর আগে ২১ জুন মালয়েশিয়া সফরের মাধ্যমে তাঁর প্রথম সরকারি বিদেশ সফর শুরু হয়। পরে তিনি দালিয়ানে বিশ্ব অর্থনৈতিক ফোরামের ‘সামার দাভোস ২০২৬’-এ অংশ নিয়ে বিভিন্ন কর্মসূচি শেষে বুধবার বেইজিং পৌঁছান।

Advertisement

Link copied!