চার দিনের সরকারি সফর শেষ করে চীন থেকে দেশের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২৬ জুন) স্থানীয় সময় বিকেল ৫টা ১৫ মিনিটে, বাংলাদেশ সময় বিকেল ৩টায়, বেইজিং ড্যাক্সিং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি উড়োজাহাজে তিনি ঢাকার পথে যাত্রা করেন।
প্রধানমন্ত্রীর সঙ্গে একই উড়োজাহাজে রয়েছেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গী প্রতিনিধিদলের সদস্যরা। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব-১ জাহিদুল ইসলাম রনি এ তথ্য নিশ্চিত করেছেন।
চীনে অবস্থানকালে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশটির রাষ্ট্রপতি শি জিনপিং, প্রধানমন্ত্রী লি চিয়াংসহ শীর্ষ নেতৃত্বের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। বৈঠকগুলোতে বাংলাদেশ-চীন সম্পর্ককে আরও গভীর, বিস্তৃত ও বহুমাত্রিক পর্যায়ে উন্নীত করার নানা বিষয় নিয়ে আলোচনা হয়।
সফরের অন্যতম অর্জন হিসেবে দুই দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদারে ১৩টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। একই সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো, প্রযুক্তি এবং কৌশলগত সহযোগিতার পরিধি বাড়াতে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
সংশ্লিষ্টদের মতে, প্রধানমন্ত্রীর এই সফর বাংলাদেশ ও চীনের বিদ্যমান অংশীদারত্বকে আরও সুদৃঢ় করবে এবং ভবিষ্যৎ দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আপনার মতামত লিখুন :