খাগড়াছড়িতে মারমা মহিলা ঐক্য পরিষদের সাধারণ সভা

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ২৭ জুন, ২০২৬, ০৪:২১ পিএম

অজয় সেন ত্রিপুরা, খাগড়াছড়ি : সাংগঠনিক নেতৃত্বকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে খাগড়াছড়িতে মারমা মহিলা ঐক্য পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭শে জুন শনিবার সকাল ১০টায় খাগড়াছড়ি সদর টাউন হলে এই সভার আয়োজন করা হয়। মারমা মহিলা ঐক্য পরিষদ জেলা কমিটির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের নেত্রী চাইঞা মারমা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মারমা ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা ম্রাসাথোয়াই মারমা। এতে স্বাগত বক্তব্য রাখেন মারমা ঐক্য পরিষদের সদর উপজেলার মহিলা বিষয়ক সম্পাদক ববি মারমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মারমা ঐক্য পরিষদের সভাপতি কংচাইরি মাস্টার, সিনিয়র সহ-সভাপতি সুধঅং মারমা, সাধারণ সম্পাদক কংজপ্রু মারমা এবং রোমেল মারমা। এছাড়াও বিভিন্ন উপজেলা কমিটির মহিলা নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা সভায় বক্তব্য রাখেন।

প্রধান অতিথি ম্রাসাথোয়াই মারমা তাঁর বক্তব্যে বলেন, "জাতির সামগ্রিক উন্নয়নের জন্য নারী সমাজকে অগ্রণী ভূমিকা রাখতে হবে। সমাজের নারী নেতৃত্ব যদি শিক্ষায়-দীক্ষায় এগিয়ে যায়, তবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম শিক্ষিত হবে। একমাত্র শিক্ষিত মায়েরাই পারে একটি উন্নত সমাজ গঠনে ভূমিকা রাখতে।

এর আগে সভার শুরুতে সংগঠনের প্রয়াত নেতৃবৃন্দের আত্মার শান্তি কামনা করে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। সভায় বক্তারা মারমা নারীদের অধিকার রক্ষা এবং সামাজিক উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

Link copied!