নিবন্ধনের পরও এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে না সাড়ে ৫ লাখ শিক্ষার্থী

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ০১ জুলাই, ২০২৬, ০৭:৩৬ পিএম

পরীক্ষার আগেই দেশের উচ্চমাধ্যমিক শিক্ষায় উদ্বেগজনক চিত্র সামনে এসেছে। একাদশ শ্রেণিতে নিবন্ধন সম্পন্ন করলেও এবার উচ্চমাধ্যমিক ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে না প্রায় সাড়ে ৫ লাখ শিক্ষার্থী। সব শিক্ষা বোর্ড মিলিয়ে নিবন্ধিত শিক্ষার্থীদের প্রায় ৩৬ শতাংশ ফরম পূরণ না করায় পরীক্ষার বাইরে থেকে গেছে।

বুধবার (১ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ তথ্য তুলে ধরেন। তিনি জানান, বৃহস্পতিবার (২ জুলাই) থেকে সারাদেশে একযোগে উচ্চমাধ্যমিক ও সমমানের পরীক্ষা শুরু হলেও বিপুলসংখ্যক শিক্ষার্থী শেষ পর্যন্ত পরীক্ষায় অংশ নিচ্ছে না। এর মধ্যে সাধারণ শিক্ষা বোর্ডের প্রায় ৪ লাখ, মাদ্রাসা শিক্ষা বোর্ডের ৬১ হাজারের বেশি এবং কারিগরি শিক্ষা বোর্ডের ৯০ হাজারের বেশি শিক্ষার্থী রয়েছে।

পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে একাদশ শ্রেণিতে ১১ লাখ ৮৬ হাজার ৪৬১ জন শিক্ষার্থী নিবন্ধন করেছিলেন। তাদের মধ্যে পরীক্ষার ফরম পূরণ করেছেন ৭ লাখ ৯৪ হাজার ৪৭৭ জন। ফলে ৩ লাখ ৯১ হাজার ৯৮৪ জন শিক্ষার্থী ফরম পূরণ করেননি। অর্থাৎ, নিবন্ধিত শিক্ষার্থীদের ৩৩ দশমিক শূন্য ৪ শতাংশ পরীক্ষার আগেই ঝরে পড়েছেন।

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম প্রথম বর্ষে নিবন্ধন করেছিলেন ১ লাখ ৩৯ হাজার ৯২৯ জন শিক্ষার্থী। এর মধ্যে ৭৮ হাজার ২৬৯ জন ফরম পূরণ করেছেন। বাকি ৬১ হাজার ৬৬০ জন ফরম পূরণ না করায় তারা পরীক্ষায় অংশ নিতে পারছেন না। এ বোর্ডে ফরম পূরণ না করা শিক্ষার্থীর হার ৪৪ দশমিক শূন্য ৭ শতাংশ।

অন্যদিকে, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে একাদশ শ্রেণির ভোকেশনাল শাখায় নিবন্ধন করেছিলেন ১ লাখ ৬৫ হাজার ৫৪২ জন শিক্ষার্থী। কিন্তু ফরম পূরণ করেছেন মাত্র ৭৫ হাজার ১৯৭ জন। ফলে ৯০ হাজার ৩৪৫ জন শিক্ষার্থী পরীক্ষার বাইরে থেকে গেছেন। কারিগরি শিক্ষা বোর্ডে ফরম পূরণ না করার হার ৫৪ দশমিক ৫৮ শতাংশ, যা সব শিক্ষা বোর্ডের মধ্যে সর্বোচ্চ।

সব শিক্ষা বোর্ডের তথ্য একত্রে বিশ্লেষণ করে দেখা যায়, মোট ১৪ লাখ ৯১ হাজার ৯৩২ জন শিক্ষার্থী নিবন্ধন করলেও চূড়ান্তভাবে ফরম পূরণ করেছেন ৯ লাখ ৪৭ হাজার ৯৪৩ জন। অর্থাৎ, ৫ লাখ ৪৩ হাজার ৯৮৯ জন শিক্ষার্থী ফরম পূরণ না করায় এবারের উচ্চমাধ্যমিক ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছেন না। নিবন্ধিত শিক্ষার্থীদের হিসাবে এ হার প্রায় ৩৬ দশমিক ৪৬ শতাংশ।

এত বিপুলসংখ্যক শিক্ষার্থীর পরীক্ষার বাইরে চলে যাওয়ার কারণ নিয়ে সরকার বিশ্লেষণ করছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, শিক্ষার্থীরা যেন মাঝপথে ঝরে না পড়ে, সে লক্ষ্যে বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা হচ্ছে। শিক্ষাব্যবস্থার বৈষম্য দূর করে শিক্ষার্থীদের ধারাবাহিকভাবে শিক্ষার সঙ্গে যুক্ত রাখতে সরকার নিবিড়ভাবে কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।

 
 

Link copied!