আজ বৃহস্পতিবার (২ জুলাই) সারা দেশে একযোগে শুরু হচ্ছে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা। দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এ পরীক্ষায় অংশ নিচ্ছেন মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী।
এবারও পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রীর সংখ্যাই বেশি। মোট পরীক্ষার্থীর মধ্যে ৬ লাখ ৪৮ হাজার ৬১৪ জন ছাত্রী এবং ৬ লাখ ২১ হাজার ৯৬৯ জন ছাত্র পরীক্ষায় অংশ নিচ্ছেন। অর্থাৎ ছাত্রদের তুলনায় ২৬ হাজার ৬৪৫ জন বেশি ছাত্রী এবার উচ্চমাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করছেন।
দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে এবার অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। বুধবার (১ জুলাই) সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক।
তিনি জানান, এবার সারা দেশে ২ হাজার ৬৯৭টি পরীক্ষা কেন্দ্রে ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিচ্ছেন। দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা গ্রহণ করা হবে।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, শিক্ষার্থীদের মধ্যে ছাত্রীর সংখ্যা ধারাবাহিকভাবে বেশি থাকায় নারী শিক্ষার অগ্রগতির ইতিবাচক চিত্র ফুটে উঠেছে।
এ সময় শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহ্দী আমিন উপস্থিত ছিলেন।
পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা
পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে শিক্ষা বোর্ড কয়েকটি বাধ্যতামূলক নির্দেশনা জারি করেছে। সেগুলো হলো—
- পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত হয়ে নির্ধারিত আসনে বসতে হবে।
- প্রথমে বহুনির্বাচনী এবং পরে সৃজনশীল বা রচনামূলক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
- ৩০ নম্বরের বহুনির্বাচনী অংশের জন্য সময় ৩০ মিনিট এবং ৭০ নম্বরের সৃজনশীল অংশের জন্য সময় ২ ঘণ্টা ৩০ মিনিট।
- ব্যবহারিক বিষয়গুলোর ক্ষেত্রে ২৫ নম্বরের বহুনির্বাচনী অংশের জন্য সময় ২৫ মিনিট এবং ৫০ নম্বরের সৃজনশীল অংশের জন্য সময় ২ ঘণ্টা ৩৫ মিনিট।
- বহুনির্বাচনী ও সৃজনশীল অংশের মধ্যে কোনো বিরতি থাকবে না।
- সকাল ১০টার পরীক্ষায় সকাল সাড়ে ৯টায় উত্তরপত্র ও ওএমআর পত্র বিতরণ করা হবে। সকাল ১০টায় বহুনির্বাচনী প্রশ্নপত্র দেওয়া হবে এবং সকাল ১০টা ৩০ মিনিটে ওএমআর পত্র সংগ্রহ করে সৃজনশীল প্রশ্নপত্র বিতরণ করা হবে। ২৫ নম্বরের বহুনির্বাচনী পরীক্ষার ক্ষেত্রে সময় হবে সকাল ১০টা ২৫ মিনিট।
- বিকেল ২টার পরীক্ষার ক্ষেত্রে বেলা দেড়টায় উত্তরপত্র ও ওএমআর পত্র দেওয়া হবে। বেলা ২টায় বহুনির্বাচনী প্রশ্নপত্র এবং বেলা ২টা ৩০ মিনিটে সৃজনশীল প্রশ্নপত্র বিতরণ করা হবে। ২৫ নম্বরের বহুনির্বাচনী পরীক্ষার ক্ষেত্রে সময় হবে বেলা ২টা ২৫ মিনিট।
- প্রশ্নপত্রে উল্লেখিত সময়সূচি কঠোরভাবে অনুসরণ করা হবে।
- প্রবেশপত্র অবশ্যই পরীক্ষা শুরুর কমপক্ষে সাত দিন আগে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সংগ্রহ করতে হবে।
- উত্তরপত্রের ওএমআর অংশে রোল নম্বর, নিবন্ধন নম্বর ও বিষয়সংকেতসহ সব তথ্য সঠিকভাবে লিখে নির্ধারিত ঘর পূরণ করতে হবে। উত্তরপত্র ভাঁজ করা বা প্রান্তে কোনো লেখা যাবে না।
- তত্ত্বীয়, বহুনির্বাচনী ও ব্যবহারিক—প্রযোজ্য প্রতিটি অংশে আলাদাভাবে উত্তীর্ণ হতে হবে।
- প্রবেশপত্র ও নিবন্ধনপত্রে উল্লেখিত বিষয় ছাড়া অন্য কোনো বিষয়ের পরীক্ষায় অংশ নেওয়া যাবে না।
- কেবল সাধারণ, প্রোগ্রামবিহীন হাতঘড়ি ব্যবহার করা যাবে।
- শিক্ষা বোর্ড অনুমোদিত সাধারণ প্রোগ্রামবিহীন বৈজ্ঞানিক গণনাযন্ত্র ব্যবহার করা যাবে। প্রোগ্রামযোগ্য গণনাযন্ত্র সম্পূর্ণ নিষিদ্ধ।
- কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ছাড়া অন্য কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। কোনো পরীক্ষার্থী মোবাইল ফোন নিয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে পারবেন না।
নিয়ন্ত্রণকক্ষ চালু
উচ্চমাধ্যমিক পরীক্ষা উপলক্ষে সার্বিক সমন্বয় ও জরুরি যোগাযোগের জন্য ঢাকা শিক্ষা বোর্ড বিশেষ নিয়ন্ত্রণকক্ষ চালু করেছে।
যোগাযোগের জন্য টেলিফোন নম্বর: ০২-২২৩৩৬৯৮১৫।
এ ছাড়া ০১৫৫০৪১১২০৩, ০১৭১৪৯৯৪০৭৩ এবং ০১৭৫৬১০৩১৫২ নম্বরেও যোগাযোগ করা যাবে। ই–ডাকের ঠিকানা: controller@dhakaeducationboard.gov.bd।

আপনার মতামত লিখুন :