ফ্রান্সে রেকর্ড তাপপ্রবাহে মৃত্যু বেড়েছে প্রায় ৩০ শতাংশ

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ০৩ জুলাই, ২০২৬, ০২:১৬ পিএম

ফ্রান্সে রেকর্ড তাপপ্রবাহে মৃত্যু বেড়েছে প্রায় ৩০ শতাংশ

ফ্রান্সে তীব্র উষ্ণতার প্রভাবে এক সপ্তাহের ব্যবধানে মৃত্যুর সংখ্যা প্রায় এক-তৃতীয়াংশ বেড়েছে। দেশটির জনস্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, ২২ জুন থেকে শুরু হওয়া সপ্তাহে আগের সপ্তাহের তুলনায় অতিরিক্ত ২ হাজার ২৫ জনের মৃত্যু হয়েছে। তবে প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সবচেয়ে বেশি প্রভাব পড়েছে প্যারিস ও আশপাশের অঞ্চলে। সেখানে মৃত্যুহার বেড়েছে ৬২ শতাংশ। এছাড়া পে দ্য লা লোয়ার অঞ্চলও তীব্র উষ্ণতার কারণে উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে উষ্ণতা মোকাবেলায় সরকারের প্রস্তুতি ও পদক্ষেপ নিয়ে রাজনৈতিক অঙ্গনে সমালোচনা বাড়ছে। বিরোধী সবুজপন্থী দল সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা দিয়েছে।

গত জুন মাসে ফ্রান্সজুড়ে টানা প্রায় ১১ দিন রেকর্ড ভাঙা উষ্ণতা বিরাজ করে। এ সময় দেশের বহু এলাকায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করে।

২০০৩ সালের ভয়াবহ উষ্ণতায় ফ্রান্সে প্রায় ১৫ হাজার মানুষের মৃত্যু হয়েছিল। নিহতদের অধিকাংশই ছিলেন প্রবীণ।

তবে স্বাস্থ্যমন্ত্রী স্তেফানি রিস্ট বলেছেন, এবারের পরিস্থিতি ২০০৩ সালের মতো ভয়াবহ হবে বলে তিনি মনে করেন না। একই মত পোষণ করেছেন প্যারিসের সরকারি হাসপাতাল ব্যবস্থার প্রধান নিকোলা রেভেল। তাঁর মতে, এবারের উষ্ণতায় মৃত্যুর সংখ্যা ২০০৩ সালের তুলনায় কম থাকতে পারে, তবে গত বছরের চেয়ে বেশি হওয়ার আশঙ্কা রয়েছে।

Link copied!