বৃষ্টি কমায় বন্যা পরিস্থিতির উন্নতি, দীর্ঘস্থায়ী বন্যার আশঙ্কা নেই

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ১০ জুলাই, ২০২৬, ০৮:৪৩ পিএম

বৃষ্টি কমায় বন্যা পরিস্থিতির উন্নতি, দীর্ঘস্থায়ী বন্যার আশঙ্কা নেই

বৃষ্টিপাতের পরিমাণ কমতে শুরু করায় দেশে দীর্ঘস্থায়ী বন্যার আশঙ্কা নেই বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। আগামী রোববার থেকে দেশের বন্যা পরিস্থিতির আরও উন্নতি হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। তবে চট্টগ্রামসহ কয়েকটি এলাকায় ভারী বৃষ্টি, জলাবদ্ধতা ও পাহাড় ধসের ঝুঁকি এখনো রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রোববার পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। তবে সামগ্রিকভাবে বৃষ্টির প্রবণতা কমে আসছে। বৃষ্টি কমার সঙ্গে সঙ্গে আকস্মিক বন্যাকবলিত এলাকাগুলোর পরিস্থিতিও ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের উপবিভাগীয় প্রকৌশলী পার্থ প্রতীম বড়ুয়া জানান, বৃষ্টিপাত কমে যাওয়ায় সাঙ্গু, মাতামুহুরি, খোয়াই ও কুশিয়ারা নদীর পানি কমতে শুরু করেছে। ফলে দীর্ঘস্থায়ী বন্যার কোনো আশঙ্কা আপাতত দেখা যাচ্ছে না। আগামী রোববার থেকে দেশের বন্যা পরিস্থিতির আরও উন্নতি হবে বলে আশা করা হচ্ছে।

তবে টানা বৃষ্টির কারণে দেশের বিভিন্ন এলাকায় এখনো দুর্ভোগ রয়েছে। কোথাও জলাবদ্ধতা, আবার কোথাও পাহাড় ধসের ঝুঁকি দেখা দিয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে চট্টগ্রাম অঞ্চল।

শুক্রবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে চট্টগ্রামের পতেঙ্গায়, ২১১ মিলিমিটার। একই সময়ে নগরের আমবাগান এলাকায় ১৫৩ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। তবে আগের দিনের তুলনায় বৃষ্টির পরিমাণ প্রায় অর্ধেকে নেমে এসেছে।

আবহাওয়াবিদ বজলুর রশিদ জানান, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দেশের বৃষ্টিপাত পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করবে। রোববার পর্যন্ত বৃষ্টি থাকলেও এরপর ধীরে ধীরে এর তীব্রতা কমে আসবে।

 

এদিকে রাজধানী ঢাকায় গত কয়েক দিন ধরে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। টানা বৃষ্টির কারণে নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। তবে রাজধানীতে অতি ভারী বৃষ্টির আশঙ্কা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

Link copied!