প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সৃষ্টি হওয়া প্রলয়ংকরী ঘূর্ণিঝড় বাভি যুক্তরাষ্ট্রের দ্বীপাঞ্চল গুয়াম ও নর্দার্ন মারিয়ানা দ্বীপপুঞ্জে ভয়াবহ তাণ্ডব চালিয়েছে। ঘণ্টায় প্রায় ২৯০ কিলোমিটার বেগের স্থায়ী বাতাস এবং আরও শক্তিশালী দমকা হাওয়াসহ আঘাত হানা এই ঘূর্ণিঝড়ে এখন পর্যন্ত অন্তত পাঁচজনের প্রাণহানির খবর পাওয়া গেছে।
সোমবার (৬ জুলাই) যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া দপ্তর উপকূলীয় এলাকাগুলোর জন্য সর্বোচ্চ মাত্রার সতর্কতা জারি করে জানায়, ঝড়টি অত্যন্ত বিপজ্জনক এবং এর প্রভাবে ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটতে পারে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, সমুদ্রে প্রায় ১১ মিটার উচ্চতার ঢেউ সৃষ্টি হওয়ার আশঙ্কাও রয়েছে।
জাতীয় আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, ঘূর্ণিঝড়টি গুয়াম ও নর্দার্ন মারিয়ানা দ্বীপপুঞ্জ অতিক্রমের সময় ঘণ্টায় প্রায় ২৯০ কিলোমিটার বেগে প্রবাহিত হচ্ছে। দমকা হাওয়ার গতি ঘণ্টায় প্রায় ৩৫০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে, যা ঘরবাড়ি, বিদ্যুৎব্যবস্থা ও উপকূলীয় অবকাঠামোর জন্য বড় ধরনের হুমকি তৈরি করেছে।
মার্কিন সামরিক বাহিনীর যৌথ ঘূর্ণিঝড় সতর্কীকরণ কেন্দ্র বাভিকে আনুষ্ঠানিকভাবে ‘সুপার ঘূর্ণিঝড়’ হিসেবে ঘোষণা করেছে। গত এক দশকের পরিসংখ্যান অনুযায়ী, যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে আঘাত হানা চতুর্থ বা পঞ্চম মাত্রার শক্তিশালী ক্রান্তীয় ঘূর্ণিঝড়গুলোর মধ্যে এটি একাদশতম।
এদিকে, একই আবহাওয়াজনিত প্রভাবের কারণে চীনের হাইনান প্রদেশের ঝুঁকিপূর্ণ এলাকা থেকে স্থানীয় বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আবহাওয়াবিদদের মতে, প্রশান্ত মহাসাগরের উপরিভাগের পানি অস্বাভাবিকভাবে উষ্ণ হয়ে ওঠা এবং এল নিনোর প্রভাবের ফলে সাম্প্রতিক সময়ে শক্তিশালী ঘূর্ণিঝড়ের সংখ্যা ও তীব্রতা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। ফলে ভবিষ্যতেও এ ধরনের দুর্যোগের ঝুঁকি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আপনার মতামত লিখুন :